'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের গল্প চূর্ণীর বিয়ে এবং তার বিক্রি হয়ে যাওয়া নিয়ে জমে উঠেছে। আর তার মাঝেই জমে উঠেছে ঝাঁপি এবং দীপের রোম্যান্স।
সদ্যই এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে দীপের সঙ্গে বাইকে কোথাও যেতে গিয়ে আচমকাই মাথা ঘুরে যায় নায়িকার। দীপ শশব্যস্ত হয়ে বাইক থেকে নেমে ঝাঁপির দিকে জলের বোতল এগিয়ে দেয়। নিজের যত্ন রাখে না বলে বউকে বিস্তর বকাঝকা করে। তারপর সে নিজেই ঝাঁপিকে হেলমেট পরিয়ে, তার চুল ঠিক করে দেয়। মুগ্ধ চোখে বরকে দেখতে থাকে ঝাঁপি। পরে সে নিজেও দীপকে হেলমেট পরিয়ে দেয়। দুজনের রসায়ন দেখে স্পষ্ট যে এবার অনস্ক্রিন তাদের প্রেম জমে উঠতে চলেছে। এতদিনের খুনসুটি, দূরত্ব হয়তো এবার ঘুচবে।















