টলিউডের অন্দরে জোর গুঞ্জন। জনপ্রিয় নায়কের স্ত্রী এবং প্রেমিকা একই সঙ্গে গর্ভবতী! দু'জনের সন্তানের নামকরণ হবে একই সঙ্গে! ব্যাপারটা কী? কেই বা ঘটালেন এমন? কথা হচ্ছে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিক নিয়ে।
'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিক বর্তমানে গল্পের জোর এবং নায়ক নায়িকার রসায়নের কারণে টিআরপি তালিকায় সেরা ১০ -এ উঠে এসেছে। এবার গল্পে আসছে নতুন টুইস্ট।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীপ এবং ঝাঁপি পুজোয় বসেছে। সেখানে পুরোহিত জানতে চাইছে কোন নামে পুজো হবে। জবাবে ঝাঁপি জানায় কোপাই। অর্থাৎ তাদের ছেলে হলে এই নাম রাখা হবে। একই সঙ্গে তারা তাদের মেয়ে হলে তার নাম কী হবে সেটাও ঠিক করে ফেলে। দীপ জানায় মেয়ে হলে তোর্সা রাখা হবে। এই দুই নামে পুরোহিত পুজো শুরু করতে যেতেই তাতে বাধা দেয় ইনকা।
ইনকা এদিন দীপদের বাড়ি এসে জানায় সে গর্ভবতী। আর এই সন্তান তার এবং দীপের। তাই দীপ এবং ঝাঁপির সন্তনের নাম ঠিক করে রাখা হলে, তারটাও রাখা উচিত বলে জানায়। এমন অবস্থায় দীপ এবং ঝাঁপির সম্পর্ক কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। আপাতত গল্প যে একটা টানটান মোড়ে দাঁড়িয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়।
প্রসঙ্গত, ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, দু'জন নাকি প্রেম করছেন। আর কিছুদিনের মধ্যেই নাকি বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে এসব বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ দু'জনেই। নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বের তকমাই দিতে চান তাঁরা। তবে সৌরভ-শুভস্মিতার সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা!
















