'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে আসছে বিরাট চমক। এক দিকে ধারাবাহিক যেখানে টিআরপি তালিকায় চমক দেখাচ্ছে সেখানে গল্পে এবার দীপকে ভুলে ঋষভকে বিয়ে করবে ঝাঁপি? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীপের মনের কথা মুখে আনার জন্য পরিবারের পরিকল্পনা অনুযায়ী ঋষভকে বিয়ে করবে স্থির করে। ভেবেছিল দীপ এই বিয়ে আটকে দেবে। কিন্তু একি! নায়ক এসে উল্টে বিয়ে উপলক্ষ্যে ঝাঁপিকে উপহার দেয়। এসব দেখেশুনে আরও ঘাবড়ে যায় নায়িকা। যদিও তার বাড়ির লোক তাকে বলতে থাকে বিয়ের পিঁড়িতে বসার জন্য। তাতেই নাকি দীপ তার প্রতি টান অনুভব করবে। কিন্তু ঝাঁপি সন্দিহান। তার অনুমান দীপ তাকে ভালবাসে না, বিয়ে আটকাবেও না।

অন্যদিকে এই নকল বিয়েতে ঠিক হয়েছিল আবির দিয়ে সিঁদুর দান হবে। কিন্তু ইনকা ষড়যন্ত্র করে। সে ঠিক করে নেয় ঋষভের সঙ্গে ঝাঁপির সত্যি বিয়েই হবে, তাও সিঁদুর দিয়ে, আবির নয়। শেষ পর্যন্ত কী ঘটে সেটাই এখন দেখার। ঋষভের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে ঝাঁপি নাকি দীপ তাকে বাঁচিয়ে নেয় দর্শকদের নজর সেদিকেই। 

প্রসঙ্গত গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, ঝাঁপি গর্ভবতী। দীপের সন্তানের মা হতে চলেছে সে। তাদের সন্তানের নামকরণের অনুষ্ঠান চলছিল যে সময় সে সময় সেখানে ইনকা এসেও হাজির হয়। সে এসে জানায় সেও গর্ভবতী। আর এই সন্তান তার এবং দীপের। তাই দীপ এবং ঝাঁপির সন্তনের নাম ঠিক করে রাখা হলে, তারটাও রাখা উচিত বলে জানায়। সবটা মিলিয়েই বর্তমানে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিক এখন জমজমাট। এই সপ্তাহে টিআরপি তালিকায় পাঁচ নম্বরে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। পেয়েছে ৪.৭ নম্বর। 

'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্প্রচারিত হয়।

প্রসঙ্গত, ধারাবাহিকে দীপ ও ঝাঁপির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, দু'জন নাকি প্রেম করছেন। আর কিছুদিনের মধ্যেই নাকি বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে এসব বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ দু'জনেই। নিজেদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্বের তকমাই দিতে চান তাঁরা। তবে সৌরভ-শুভস্মিতার সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা!