রিয়্যালিটি শো ‘লক আপ ২’ -এর অন্দরে বিতর্কের আগুন যেন কিছুতেই নিভছে না। শো-এর অন্যতম আলোচিত প্রতিযোগী আকাঙ্ক্ষা চামোলা -র ব্যক্তিগত জীবন নিয়ে এবার তৈরি হল এক চরম হাই-ভোল্টেজ ড্রামা। প্রিমিয়ারের দিন অভিনেতা-স্বামী গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে আগেই সবাইকে চমকে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। এবার শো-এর ভেতরেই তাঁর আরও একটি বড় ‘গোপন তথ্য’ বা সিক্রেট ফাঁস করে দিলেন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা। খেলার স্বার্থে আকাঙ্ক্ষার একটি ব্যক্তিগত কথা প্রকাশ্য ক্যামেরার সামনে এনে নতুন করে বিতর্ক উস্কে দিলেন শ্রেয়া! 

ঘটনাটির সূত্রপাত হয় যখন আকাঙ্ক্ষা খেলায় শ্রেয়া কালরার বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করেন। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রেয়া প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং আকাঙ্ক্ষার ব্যক্তিগতভাবে শেয়ার করা একটি গোপন কথা সহ-প্রতিযোগী সুফি মোতিওয়ালার কাছে ফাঁস করে দেন।

ওই পর্বে দেখা যায়, শ্রেয়া সুফিকে জিজ্ঞেস করছেন, “আমি যদি এই সিক্রেটটা ফাঁস করে দিই, তবে কি আমি খারাপ মানুষ হয়ে যাব?” সুফি জবাবে বলেন, “না, এটাই তো খেলা।” এর পরেই শ্রেয়া বিস্ফোরক দাবি করে বসেন, “ও (আকাঙ্ক্ষা) উভকামী।” শ্রেয়ার এই কথা বলার সঙ্গে সঙ্গেই ক্যামেরা আকাঙ্ক্ষার মুখের ওপর প্যান করে, যেখানে ওঁর মুখের প্রতিক্রিয়া ছিল দেখার মতো।

সুফি প্রথমে এই তথ্যটি নিজেদের মধ্যেই চেপে রাখার পরামর্শ দিলেও শ্রেয়া রাজি হননি। শো-এর ফর্ম্যাটের কথা মনে করিয়ে দিয়ে শ্রেয়া বলেন, “সিক্রেটটা এখন ব্যবহার হয়ে গিয়েছে। ও আমাকে বলেছিল, আর আমরা সেটা শো-এ ফাঁস করে দিয়েছি। তাই ওর দুটো লাইফলাইন শেষ, আর মাত্র একটা বাকি আছে।”

শো-এর শুরু থেকেই আকাঙ্ক্ষা নিজের ভাঙা সংসার নিয়ে লাইমলাইটে রয়েছেন। প্রিমিয়ারের দিন তিনি খোলসা করে বলেছিলেন, “আমি আর গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি, যা আমরা প্রকাশ্যে আনিনি।” সিদ্ধান্তটি পারস্পরিক এবং তাঁদের মধ্যে কোনও তিক্ততা নেই জানিয়ে আকাঙ্ক্ষা বলেছিলেন, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা বলেই এই বিচ্ছেদ।

আকাঙ্ক্ষার এই আচমকা ঘোষণার পরেও কিন্তু স্বামী তথা ‘বিগ বস ১৯’ বিজয়ী গৌরব খান্না ‘লাফটার শেফস’-এর সেটে দাঁড়িয়ে আকাঙ্ক্ষাকে নিজের ‘স্ত্রী’ বলে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। গৌরব বলেছিলেন, “আমাদের ভালবাসা আর পরস্পরের জন্য সমর্থন এখনও আগের মতোই আছে। আমি সবসময় আকাঙ্ক্ষাকে সমর্থন করব, ও আমার স্ত্রী। আমি ওকে ভালবেসেছি, তাই এখন কেন পিছিয়ে যাব? আমি চাই ও ভাল খেলুক আর ট্রফি জিতে ফিরুক।”

২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়া এই দম্পতির রসায়ন যেখানে বাইরের দুনিয়ায় প্রশংসিত হচ্ছিল, সেখানে ‘লক আপ ২’-এর ভেতরের এই নতুন ‘উভকামী’ বিতর্ক আকাঙ্ক্ষার ব্যক্তিগত জীবনকে নতুন করে চর্চার কেন্দ্রে নিয়ে এল।