নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘গ্লোরি’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বক্সিংয়ের দুনিয়ার টানটান উত্তেজনা, ব্যক্তিগত সংঘাত আর উচ্চাকাঙ্ক্ষার গল্প নিয়ে ১ মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। এই সিরিজে বক্সারের ভূমিকায় এক নতুন রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা কুণাল ঠাকুর।
বলিউড অভিনেতা কুণাল ঠাকুর তাঁর অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ারকে নয়া উচ্চতায় পৌঁছাতে প্রস্তুত। আগামী ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘গ্লোরি’। পুলকিত সম্রাট এবং দিব্যেন্দু অভিনীত এই সিরিজে কুণালকে দেখা যাবে এক বক্সারের ভূমিকায়। সিরিজের গল্প আবর্তিত হয়েছে বক্সিংয়ের দুনিয়ায় উচ্চাকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যক্তিগত লড়াইকে কেন্দ্র করে।এই প্রথমবার পর্দায় বক্সারের চরিত্র করছেন কুণাল। চরিত্রের প্রয়োজনে নিজেকে গড়ে তুলতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। কুণাল জানান, বক্সিংয়ের মতো একটি শারীরিক কসরতে ভরা খেলার নিয়ম এবং এনার্জি ফুটিয়ে তোলার জন্য তাঁকে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।
নিজের নতুন প্রজেক্ট নিয়ে কুণাল বলেন, “আমার কাছে ‘গ্লোরি’ খুব স্পেশাল একটি প্রজেক্ট। কারণ এই প্রথম আমি বক্সারের জুতোয় পা গলাচ্ছি। এই সিরিজের দুনিয়াটা যেমন তীব্র তেমনই আবেগঘন। পুলকিত এবং দিব্যেন্দুর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আর এই চরিত্রের ওপর ভরসা রাখার জন্য আমি করণকেও ধন্যবাদ জানাই।”
বক্সিং রিং-এর লড়াইয়ের পাশাপাশি ‘গ্লোরি’ মানুষের স্বপ্ন, পরিচয় এবং ঘুরে দাঁড়ানোর লড়াইকে তুলে ধরবে ‘গ্লোরি’। পুলকিত, দিব্যেন্দু এবং কুণালের মতো শক্তিশালী অনসম্বল কাস্টের পারফরম্যান্স সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সিরিজটি বক্সিং ড্রামা জনরায় নতুন মাইলফলক হতে পারে বলে মনে করছে ইন্ডাস্ট্রি।
বক্সিং রিং-এ কুণাল ঠাকুরের এই ‘পাওয়ারফুল’ এন্ট্রি দেখার অপেক্ষায় এখন তাঁর অনুরাগীরা।















