বিনোদন দুনিয়ার অন্দরে কখন কী ঘটে যায়, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল! সম্প্রতি বি-টাউনের সবচেয়ে বড় গসিপ তৈরি হয়েছে পরিচালক-প্রযোজক করণ জোহরকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই এক মহাকাণ্ড ঘটিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর দীর্ঘদিনের প্রিয় বন্ধু এবং বলিউডের প্রথম সারির একঝাঁক তারকাকে আচমকা ‘আনফলো’ করে দিয়েছেন করণ। আর এই ঘটনা সামনে আসতেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে।

যাঁদের করণ জোহর সমাজমাধ্যমে নিজের বন্ধুতালিকা থেকে ছেঁটে ফেলেছেন, সেই নামগুলো দেখলে যে কেউ চমকে উঠবেন। এই তালিকায় রয়েছেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান! শুধু তাই নয়, করণের অত্যন্ত আদরের এবং প্রিয় পাত্রী আলিয়া ভাট, করিনা কাপুর খান, অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকাদেরও তিনি আনফলো করেছেন। এমনকি কার্তিক আরিয়ান এবং করণের পরম বন্ধু তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও বাদ যাননি এই তালিকা থেকে। কোটি কোটি মানুষের নজরকাড়া করণের প্রোফাইলে এখন ‘ফলোয়িং’ সংখ্যা কমে ঠেকেছে মাত্র ৭৮-এ! তবে এর মধ্যেও প্রিয়াঙ্কা চোপড়াকে কিন্তু করণ তাঁর তালিকায় রেখে দিয়েছেন, যা নেটিজেনদের আরও বেশি কৌতূহলী করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই বিনোদন প্রেমীদের মনে নানারকম প্রশ্নের পাহাড় জমে। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, তবে কি প্রিয় বন্ধুদের সঙ্গে কোনও বড়সড় ঝামেলা হল করণের? নাকি ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ রাতারাতি বদলে গেল? করণ জোহরের মতো ব্যক্তিত্ব, যিনি পার্টি থেকে শুরু করে টক-শো, সব জায়গাতেই তারকাদের নিয়ে মেতে থাকেন, তাঁর এই হঠাৎ দূরত্ব তৈরি করাটা কেউই সহজে মেনে নিতে পারছিলেন না।

সমাজমাধ্যমে এই চড়তে থাকা পারদ আর গুঞ্জনে শেষমেশ নিজেই ইতি টানলেন ধর্ম প্রোডাকশনের কর্ণধার। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কড়া পোস্ট করে পুরো বিষয়টি খোলসা করেন করণ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারও সঙ্গে কোনও মন কষাকষি বা ঝগড়া হয়নি। আসলে এটি তাঁর একটি ডিজিটাল ডিটক্স। সহজ কথায়, ভার্চুয়াল দুনিয়ার আসক্তি থেকে নিজেকে মুক্ত করার এক দারুণ উপায়। করণ তাঁর পোস্টে লেখেন, "এটি একটি ডিজিটাল ডিটক্স!!!! ইনস্টাগ্রামে যাতে আমার সময় এবং এনার্জি কম খরচ হয়, সেই কারণেই আমি সবাইকে আনফলো করছি।" 

ফোনের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট না করে, বাস্তব জীবন ও নিজের মানসিক শান্তিতে মন দিতেই করণ এই সিদ্ধান্ত নিয়েছেন। তারকাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব আগের মতোই অটুট রয়েছে বলে মত করণের। এমনকী এই সাধারণ বিষয়টিকে নিয়ে যেভাবে তিলকে তাল করা হচ্ছে, তা দেখে বেশ বিরক্ত প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, "ঈশ্বরের দোহাই, এটা কোনও জাতীয় সংবাদ (ন্যাশনাল নিউজ) হতে পারে না... দয়া করে ক্লিকবেইট করার জন্য অন্য কিছু খুঁজুন! এটি অত্যন্ত অপ্রাসঙ্গিক একটা ব্যাপার।"

প্রসঙ্গত, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিংকে নিয়ে সুপারহিট সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' পরিচালনার পর করণ জোহরকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে তিনি এখন বেশ ব্যস্ত। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’। এছাড়া আগামী দিনে আসছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের ‘উড়তা তীর’ এবং কার্তিক আরিয়ানের ‘নাগজিলা’।