সংবাদসংস্থা, মুম্বই: রণবীর কাপুরের "অ্যানিমাল" ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। মুক্তির পরেই, মহিলাদের অবমাননা এবং দুর্ব্যবহার, নায়কের লাগামহীন জীবনযাপন, এই সব কিছু নিয়ে কথা উঠেছিল। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ছবির পরিচালক সন্দীপ রেড্ডি সম্পর্কে তাঁর ভাবনা প্রকাশ করেছেন মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে। 
বছরের সেরা ছবি নাকি "অ্যানিমাল"! ছবিটি দু"বার দেখেছেন করণ। ছবিতে বাবা ছেলের সম্পর্কের চিত্রায়ন, সঙ্গীত আয়োজন সব কিছুই তাঁকে মুগ্ধ করেছে। ছবিতে, নারীর প্রতি দেখানো দুর্ব্যবহার নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে জোহর বলেন, “আপনি রাজনীতি, কিছু বিশেষ দৃশ্য, নিয়ে বিতর্ক করতে পারেন। তবে আমি এই ছবির গল্প দ্বারা উদ্দীপিত। এবং যে মানুষটা এতকিছু ভেবে গল্পটা বুনেছেন তাঁকে অভিনন্দন। আমি এই বছর অনেক ভাল ছবি দেখেছি, কিন্তু "অ্যানিমাল" একমাত্র ছবি যা আমাকে কিছু শিখিয়েছে।""
বিগত বছরে ৮০০ কোটির ব্যবসা করেছে ""অ্যানিমাল।" ছবিটিকে ঘিরে বিতর্ক সংসদেও পৌঁছে ছিল। ছত্তিশগড়ের আইএনসি সাংসদ রঞ্জিত রঞ্জন সিনেমাটির "হিংসাত্মক" বিষয়বস্তু নিয়ে নিন্দা করেছিলেন। অভিনেতা-গায়ক-গীতিকার স্বানন্দ কিরকিরেও বলেছিলেন যে তিনি ছবিটি দেখে "বিব্রত" হয়েছেন।