বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় কন্নড় অভিনেতা এবং প্রযোজক দিলীপ রাজ। বুধবার সকালে মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন তাঁর এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে হঠাৎই শারীরিক অস্বস্তি শুরু হয় দিলীপ রাজের। কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪৭ বছর বয়সে একজন ফিট এবং জনপ্রিয় অভিনেতার এমন মৃত্যুতে স্তব্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি।

দিলীপ রাজ ছিলেন কন্নড় বিনোদন জগতের অলরাউন্ডার। তাঁর কাজের পরিধি ছিল বিশাল। ছোট পর্দায় তিনি ছিলেন সুপারস্টার। 'রঙ্গোলি', 'কুমকুম ভাগ্য' থেকে শুরু করে হাল আমলের সুপারহিট সিরিয়াল 'হিটলার কল্যাণ'-এ তাঁর অভিনয় দর্শকদের ভীষণ প্রিয় ছিল। বরাবরই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।
২০০৫ সালে নায়ক হিসেবে হিসেবে ডেবিউ করেন দিলীপ রাজ। ২০০৭ সালে পুণিত রাজকুমারের ব্লকবাস্টার ছবি 'মিলানা'-তে ভিলেনের চরিত্রে অভিনয় করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। এরপর 'ইউ-টার্ন' এবং সম্প্রতি মুক্তি পাওয়া 'লাভ মকটেল ৩'-এর মতো প্রায় ২৪টিরও বেশি সিনেমায় তাঁকে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি দিলীপ রাজ ছিলেন একজন সফল প্রযোজকও। তাঁর প্রযোজনা সংস্থা ‘ডিআর ক্রিয়েশনস’ থেকে একের পর এক হিট ধারাবাহিক তৈরি হয়েছে। তাঁর স্ত্রী শ্রীবিদ্যাও এই কাজে তাঁকে সমানভাবে সহযোগিতা করতেন। এছাড়া ডাবিং শিল্পী হিসেবেও তাঁর বেশ নাম ডাক ছিল।
দিলীপ রাজ তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টি থেকে শুরু করে বহু তারকা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভক্তদের মতে, দিলীপ রাজ কেবল একজন ভাল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত ভদ্র ও মাটির মানুষ।
কেরিয়ারের এই পর্যায়ে তাঁর এভাবে চলে যাওয়া কন্নড় ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। কাজের মাধ্যমে প্রিয় ‘হিটলার কল্যাণ’-এর নায়ককে আজীবন মনে রাখবেন অনুরাগীরা।















