'কমলা নিবাস' ধারাবাহিকে টানটান মোড় আসতে চলেছে। সম্রাট যে সাইকো বা মানসিক রোগী সেই কথার আভাস ঝিনুক আগেই পেয়েছিল। এবার আবার তাঁর ভয়ঙ্কর ভালবাসার সাক্ষী হতে চলেছে শ্রীনিবাস এবং কমলার ছোট মেয়ে!
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কমলা নিবাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সম্রাটের সঙ্গে ঝিনুক একটি পার্টিতে এসেছে। কেক কাটছে। তখনই সেখানে ঝিনুককে অনুরোধ করা হয় একটি গান শোনানোর জন্য। স্ত্রীকে বাধা দিতে যায় সম্রাট। বলে এত লোকের সামনে সে গান গাইতে পারবে না। জবাবে, কিছু না বুঝেই ঝিনুক বলে, কোনও অসুবিধা নেই সে গাইবে। শাদি ম্যায় জরুর আনা ছবি থেকে যোগী গানটি গেয়ে শোনায় সে। আর তারপরই শুরু হয় তার বিপদ।
বাড়ি ফেরার পর মধ্যরাতে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে সম্রাট তাকে দিয়ে বারবার এক গান গাওয়ায়। গান গাইতে গাইতে ঝিনুক কাশতে থাকলেও তাকে জল খেতে দেয় না। সবার সামনে গান গাওয়ার অপরাধে তাকে ক্রমাগত শাস্তি দিতে থাকে সে। এরপর কী ঘটে, কীভাবে ঝিনুক এই অত্যাচারের হাত থেকে নিস্তার পায় সেটাই দেখার।
















