১৬ জুলাই রথযাত্রায় কলকাতা বিমানবন্দরে দেখা গেল খোদ বলিউডের ‘সিমরন’ অর্থাৎ কাজলকে। হঠাৎই তিনি হাজির কলকাতায়! শুক্রবার সকালে লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে পৌঁছন কাজল। চোখ ঢাকা ছিল কালো সানগ্লাসে। অভিনেত্রীকে কাছ থেকে দেখতে স্বাভাবিকভাবেই অনুরাগীরা এদিন ভিড় জমান। কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভিতরে নিয়ে যান। পুজো দিয়ে আবার গাড়িতে উঠে পড়েন তিনি।
কী কারণে দক্ষিণেশ্বরে পুজো দিলেন কাজল? সেই কারণ যদিও জানা যায়নি। এর আগে 'মা' ছবির শুটিং শুরু করার আগে দক্ষিণেশ্বরে পুজো দিতে কলকাতায় ছুটে এসেছিলেন তিনি। এবারও কি নতুন ছবির কাজের শুরুতে দেবীর আশীর্বাদ নিতে এলেন তনুজা-কন্যা?

কাজল বৃহস্পতিবার কলকাতায় আসতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রী রাইমা সেনের। ইনস্টাগ্রামে নিজেই কাজলের সঙ্গে ছবি পোস্ট করে রাইমা জানান, তাঁরা দু'জন একটা অসাধারণ সন্ধে কাটিয়েছেন। রাইমার এই পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। তবে কি বাংলা ছবিতে দেখা যাবে কাজলকে? নাকি টলিউড-বলিউডের মিশেলে তৈরি হচ্ছে কোনও ছবি?
প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের এক্সিট গেট দিয়ে কাজল বেরোনো মাত্রই চারিদিক থেকে ছেঁকে ধরেন পাপারাৎজ্জিরা। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতে তখন চারপাশ গমগম করছে। তবে বলিউডের চেনা মেজাজের বাইরে গিয়ে, চোখে-মুখে কোনও বিরক্তির ছাপ না রেখে বরং চওড়া হাসিতে আলোকচিত্রীদের মন জয় করে নেন অজয়-পত্নী।
বিমানবন্দর থেকে সোজা গাড়িতে উঠে পড়ার সময় বারবার একটাই প্রশ্ন চারপাশ থেকে ভেসে এসেছে— “কলকাতায় হঠাৎ কেন এলেন?” কিন্তু কাজল রহস্যময় হাসি হেসে মুখে কুলুপ এঁটেছেন। একটি শব্দও উচ্চারণ না করে সোজা রওনা দেন গন্তব্যের দিকে।
















