মঞ্চের দাপুটে অভিনেতা থেকে এবার ছবি পরিচালক। জয়রাজ ভট্টাচার্যের পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘বিসর্জন’ মনোনীত হলো মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী মাস অর্থাৎ এপিলেই শুরু হয়ে যাচ্ছে এই উৎসব। রবীন্দ্রনাথের মূল নাটককে বিন্দুমাত্র বিকৃত না করে, এমনকী নাটকের সেই কঠিন ‘অমিত্রাক্ষর ছন্দ’ বজায় রেখেই সমকালীন প্রেক্ষাপটে এক জ্বলন্ত রাজনৈতিক বয়ান তৈরি করেছেন পরিচালক।


পরিচালক জয়রাজ ভট্টাচার্যের কলমে এই ছবি কেবল একটি সাহিত্যনির্ভর কাজ নয়, বরং বর্তমান সময়ের ধর্মীয় গোঁড়ামি এবং উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। জয়রাজ স্পষ্ট জানিয়েছেন, “এই ছবি মুখ্যত যুদ্ধ, হিংসা এবং ধর্মীয় উন্মত্ততার বিরুদ্ধে আমাদের এক উচ্চকিত উচ্চারণ। এমনকী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এটি একটি কড়া বিজেপি-বিরোধী বার্তাও দেবে।” ছবির সংলাপে রবীন্দ্রনাথের মূল লেখনীকে হুবহু বজায় রাখা হয়েছে, যা আধুনিক সিনেমায় এক বিরল পরীক্ষা-নিরীক্ষা।

 

 

ছবিতে রঘুপতির মতো জটিল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। গুণবতীর ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী ভট্টাচার্য, জয়সিংহ হয়েছেন শৌনক কুণ্ডু এবং অপর্ণার চরিত্রে দেখা যাবে এঞ্জেলা মণ্ডল-কে। অবাক করার বিষয় হলো, জয়রাজ নিজে মঞ্চে দাপিয়ে অভিনয় করলেও, নিজের পরিচালিত এই ছবিতে ক্যামেরার সামনে দাঁড়াননি।

 


ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন বাসব মল্লিক। সবথেকে আকর্ষণীয় বিষয় হল ছবির সম্পাদনা। ‘বাকিটা ব্যক্তিগত’, ‘নধরের ভেলা’ -র মতো আলোচিত ছবি খ্যাত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য সামলেছেন এডিটিং টেবিলের গুরুদায়িত্ব। প্রদীপ্তর শৈল্পিক ছোঁয়ায় রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ কীভাবে বড়পর্দায় প্রাণ পায়, তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

 


মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়নের খবরে আপ্লুত জয়রাজ কৃতিত্ব ভাগ করে নিয়েছেন গোটা টিমের সঙ্গে। তিনি বলেন, “ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য মস্কোকে পাওয়া আমাদের বড় প্রাপ্তি। রবীন্দ্রনাথের দর্শন যে আজও বিশ্বজনীন এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতায় কতটা প্রাসঙ্গিক, এই ছবি তারই প্রমাণ দেবে।”

 

 

&t=4s