খবরটা আগেই জানা গিয়েছিল, দীর্ঘ সময়ের পর আবারও ছোটপর্দায় ফিরছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন চ্যানেল এবং ধারাবাহিকে সেটা নিয়ে প্রশ্ন ছিল। সোমবার, ২৭ জুলাই সেটাও স্পষ্ট হয়ে গেল।
জানা গিয়েছে, স্টার জলসার নতুন ধারাবাহিক 'তিলোত্তমা' -এ দেখা যাবে তাঁকে। আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে জয়জিৎ জানান তাঁকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। কিন্তু চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক? এই বিষয়ে অভিনেতা মুচকি হেসে বলেন, "সব বলে দেওয়া কি ঠিক হবে? এটুকু বলতে পারি, বাস্তবে কোনও মানুষই কিন্তু পুরোপুরি পজিটিভ বা নেগেটিভ হতে পারে না। অনেক শেডস থাকে, ভাল-মন্দ দুই থাকে। এই চরিত্রটিও তাই।"
এতদিন পর ধারাবাহিকে ফিরছেন, অভিজ্ঞতা কেমন? জয়জিৎ বললেন, "আড়াই বছর পর আবার ছোটপর্দায় ফিরছি। স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরতে পারছি সেটা একটা সবথেকে ভাল লাগার ব্যাপার। বহু বছর পর ব্লুজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করব। এরকম একজন স্ক্রিপ্ট রাইটার, গল্প লেখক, প্রযোজকের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। চরিত্রটার বিভিন্ন শেড, বিভিন্ন ছোট ছোট কাজ আরও ইন্টারেস্টিং করে তুলেছে ব্যাপারটা।" শুটিংয়ের বিষয়ে খানিকটা আভাস দিলেন এদিন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "উনি (স্নেহাশিস চক্রবর্তী) কাজের ব্যাপারে দারুণ পসেসিভ। আজ থেকে সম্প্রচার শুরু, এর মধ্যে এমনও হয়েছে যে আমাদের সিন ভাল লাগেনি, আমরা সেটা রিশুট করেছি। ভীষণ ভাল লাগছে। আর উনি তো হিট মেশিন। 'পরশুরাম' থেকে 'বিদ্যা ব্যানার্জি', পরপর সব হিট। আগে 'জগদ্ধাত্রী' ছিল। যিনি বলে বলে প্রতিটি সিরিয়াল হিট করান তাঁর সঙ্গে কাজ করতে পারা এক পরম আনন্দের বিষয়। তার উপর স্টার জলসার মতো এরকম একটা চ্যানেল, যা এত মানুষের কাছে পৌঁছে যায়। দেখি, এবার বাকিটা।"
কিন্তু এতদিন কেন ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে? এই বিষয়ে স্পষ্ট করে কারও নাম না করলেও টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স' -এর দিকে ইঙ্গিত করেন তিনি। বলেন, "ইন্ডাস্ট্রির কিছু 'বিশ্বাস' আমায় আটকে রেখেছিল। কিন্তু ইন্ডাস্ট্রির উপর আমার কখনও বিশ্বাস হারায়নি।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'তিলোত্তমা' ধারাবাহিকের হাত ধরে সুস্মিতা দে আবারও ছোটপর্দায় ফিরছেন। তাঁকে শেষবার 'কথা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। 'তিলোত্তমা' ধারাবাহিকের প্রোমোতে আরজি কর কাণ্ডের ছায়া দেখা গিয়েছে। ডাক্তারকে হত্যা করা, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এবং সেটা দমনের গল্প ফুটে উঠবে এই মেগায়।
















