রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর তদন্ত করতে পদক্ষেপ করছেন প্রিয়াঙ্কা সরকার৷ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেসের বিরুদ্ধে এফআইআর করবেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, গতকাল আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে আলোচনা করা হয়৷  

রাহুলের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার তরফে শুরু থেকেই গাফিলতি এবং বক্তব্যে অসঙ্গতি ছিল বলে অভিযোগ৷ ড্রোন শটের সমস্ত দায়ভার রাহুলের উপর দেওয়া হয়েছে। সুরক্ষার অভাব ছিল বলেও উঠেছে অভিযোগ৷  

তবে রাহুলের মৃত্যুর তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশ করবে না ওড়িশা পুলিশ তা এখনও জানা যায়নি৷ 

অন্য একটি সূত্র মারফত খবর, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নোটিস পাঠিয়ে জবাবদিহি করতে বলা হবে প্রযোজনা সংস্থাকে। জবাবদিহি করতে না পারলে প্রযোজনা সংস্থার সঙ্গে আর্টিস্ট ফোরামের সদস্যরা কাজ করবেন না৷ 

যদিও এই বিষয় আর্টিস্ট ফোরাম বা প্রিয়াঙ্কা সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসছে। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি, সেই নিয়ে উঠেছে তদন্তের দাবি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তালসারি মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছে, শুটিংয়ের জন্য নেওয়া হয়নি কোনও পুলিশি অনুমতি, এমনকী থানাকেও জানানো হয়নি! সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার অভিনেতার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।‌ 

প্রাথমিকভাবে রিপোর্ট থেকে ফুসফুসে প্রচুর পরিমাণ জল এবং বালির উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ যে সময় তিনি ডুবে গিয়েছিলেন প্রচুর পরিমাণ জল এবং বালি তাঁর ফুসফুসে চলে যায়। এর ফলেই ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। খাদ্যনালী এবং শাস নালীর মধ্যেও বালি এবং জলের উপস্থিতি পাওয়া গিয়েছে।

কৌশিক সেনের কথায়, "শিল্পী হিসেবে জানতে চাই। আমাদের একটা সংগঠন আছে, আর্টিস্ট ফোরাম, সেটা দায়িত্ব এড়াতে পারে না। আমরাও পারি না। কাউকে দোষারোপ করছি না। আমরাও এর সদস্য। কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য জানতে হবে। আর্টিস্ট ফোরামের এটা দায়িত্ব রাহুলের কেন এমন হল সেটা খুঁজে বের করা। শোনা যাচ্ছে, ঘটনাটা ঘটার পর টেকনিশিয়ান ভাইরা ঝাঁপিয়ে পড়েছিল। তাঁদেরও তো বিপদ হতে পারত। ফেডারেশনের সঙ্গে কি তাঁদের সেই কথোপকথন হয়েছে বা শিল্পীদের সঙ্গে আর্টিস্ট ফোরামের? এমন যদি পুনরায় ঘটে তাহলে নিরাপত্তার জন্য কী থাকবে?"