প্রথম থেকেই দর্শকদের আলোচনায় থেকেছে 'চিরদিনই তুমি যে আমার'। এই ধারাবাহিক নিয়ে অতীতে ঘনিয়েছে একাধিক বিতর্কও। সেই সময়ও ধারাবাহিক বন্ধ হবে, কি হবে না সেই নিয়ে গুঞ্জন ওঠে। যদিও দিতিপ্রিয়া রায় 'চিরদিনই তুমি যে আমার' থেকে সরে দাঁড়ানোর পর নায়িকা হিসেবে যোগ দেন শিরিন পাল। অল্প সময়েই নয় কাড়েন দর্শকদের। তাঁর এবং জিতু কামালের জুটি চর্চায় উঠে আসে। এবার জানা যাচ্ছে সত্যিই শেষ হতে চলেছে 'চিরদিনই তুমি যে আমার'।
ধারাবাহিক বন্ধের গুঞ্জন রটতেই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয় আজকাল ডট ইনের তরফে। শিরিন পাল এই জল্পনা প্রসঙ্গে বলেন, "হ্যাঁ, সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন যখন শুরু হয়েছে হয়তো শেষ হবে খুবই তাড়াতাড়ি।"
টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ১৮ মে শেষবারের মতো ফ্লোরে যাবে 'চিরদিনই তুমি যে আমার'। এদিনই শেষ শুটিং। এই তথ্য সঠিক কিনা জানতে চাইলে মুখ খোলেন না পর্দার 'অপু'। শিরিনের জবাব, "এই বিষয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না।"
কিন্তু কেন শেষ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? সূত্রের খবর শুরুর দিকে টিআরপি তালিকার উপর দিকে থাকত 'চিরদিনই তুমি যে আমার'। সেরা পাঁচে একাধিকবার জায়গা করে নিয়েছিল এই মেগা। কিন্তু বর্তমানে টিআরপিতে ক্রমাগত পতন এবং সেরা ১০ থেকে ছিটকে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অসম প্রেমের গল্প দেখানো হচ্ছে। সঙ্গে রয়েছে নায়কের অতীত জীবনের কাহিনিও। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় শিরিন পাল এবং জিতু কামালকে দেখা যেত।
'চিরদিনই তুমি যে আমার' শেষ হলে সেই জায়গায় কোন ধারাবাহিক আসবে তাই নিয়েও শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি চ্যানেলের তরফে নতুন মেগা, 'দুলারী'র প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। মনে করা হচ্ছে, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের জায়গা নিতে পারে এই নতুন মেগা। তবে এই জল্পনা কতটা সত্যি, সেটা সময় বলবে।















