সংবাদসংস্থা, মুম্বই: রবিবার মানেই বাংলো ‘জলসা’ ছেড়ে অনুরাগীদের ভিড়ে অমিতাভ বচ্চন। এই রুটিন বহু যুগ ধরে মেনে আসছেন বলিউডের "শাহেনশা"। শুটিংয়ের সময় যখন অসুস্থ হয়েছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় দেখা করতেন অনুরাগীদের সঙ্গে। তবে গত রবিবারের ছবিটা ছিল একটু অন্যরকম। প্রতি রবিবারের মতোই "জলসা"র সামনে তখন থিকথিক করছে ভিড়। অপেক্ষা, কখন দেখা দেবেন "বিগ বি"! হঠাৎ দেখা দিলেন তিনি। তবে একা নয়। সঙ্গে নিয়ে এলেন নাতি অগস্ত্য নন্দাকে। সেই থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।
সাদা কুর্তা-পাজামা, প্রিন্টেড জ্যাকেট, ম্যাচিং টুপি আর কেতাদুরস্ত চশমায় ঝকঝকে অমিতাভ। পাশেই জিনস আর কালো ক্যাজুয়াল টি-শার্টে অগস্ত্য। মুখে চওড়া হাসি। এই প্রথম রবিবার রুটিনে অভিনেতাকে সঙ্গ দিলেন কেউ। আর নাতিকে নিয়ে অমিতাভের আনন্দের যেন শেষ নেই! অনুরাগীদের সঙ্গে অগ্যস্তকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল। জনসমুদ্রের মাঝে নাতিকে জড়িয়ে ধরে তিনি বলেন, ""এভাবেই উত্তরাধিকার বেঁচে থাকে। বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি।"" এই নিয়ে ব্যক্তিগত ব্লগেও অভিনেতা নিজের মনের কথা প্রকাশ করেছেন।
কিছুদিন আগেই পরিচালক জোয়া আখতারের "দ্য আর্চিস" ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে অগস্ত্যর। নেটফ্লিক্সে সেই ছবি বেশ সাড়া ফেলেছে। যদিও ছবির হাত ধরে বলিউডে আবারও মাথাচাড়া দিয়েছে নেপোটিজম বিতর্ক।