নাতাশা অতীত। বর্তমানে হার্দিক মজে রয়েছেন তাঁর নতুন প্রেমিকা মাহিকা শর্মার প্রেমে। তাঁরা সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। আর সেই ট্রিপের ঘনিষ্ট মুহূর্তের ভিডিও এদিন সকলের সঙ্গে ভাগ করে নেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা। আর সেই ভিডিওই বর্তমানে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়! কেবল মাহিকা নন, হার্দিক নিজেও একাধিক ছবি ভাগ করেছেন তাঁদের এই সাম্প্রতিক সফরের। 


এদিন হার্দিক পান্ডিয়া একগুচ্ছ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে কোথাও তাঁকে এবং মাহিকাকে সমুদ্রে জলকেলি করতে দেখা যাচ্ছে, কোথাও আবার তাঁরা গাড়ি ধুতে ধুতেই উদ্দাম প্রেমে মেতে উঠছেন। ছবিতে সমুদ্রে ঘনিষ্টভাবে একে অন্যের চোখে ডুবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁদের দু'জনকে। 


কেবল নিজেদের ছবিই নয়। তাঁদের এই সফর সব মিলিয়ে কেমন বা কীভাবে কেটেছে সেটাও ভাগ করে নিয়েছেন হার্দিক। একটি ফটোতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহিলা বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ চলছে। সেটা দেখতে দেখতে ফুচকা খাচ্ছেন হার্দিক। আরেকটি ছবিতে তাঁকে তাঁর পোষ্যকে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। কখনও বা আবার তিনি তার সঙ্গে খেলছেন। মাহিকারও সমান আদরের এই পোষ্য। বেড়াতে গিয়ে কখনও সুশি, কখনও স্যালাড খেয়েছেন তাঁরা। বাদ যায়নি শরীর চর্চা থেকে গানের তালে তালে সময় উপভোগ করা। এদিন হার্দিক যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দু'টো ছবিতে তাঁর ছেলে অগস্ত্যকেও দেখা যাচ্ছে। 


প্রসঙ্গত গত মাসেই হার্দিক পান্ডিয়া মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ককে সিলমোহর দিয়েছেন। যদিও তার কিছু দিন আগে থেকেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এরপরই সম্পর্ককে সিলমোহর দেন এই ভারতীয় ক্রিকেটার। চলতি বছরের গোড়ার দিকে হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছিল গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার। মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসেও দেখা গিয়েছিল। যদিও পরবর্তীতে জানা যায় যে তাঁদের সম্পর্ক টেকেনি। এমনকী ইনস্টাগ্রামেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন তাঁরা। 


২০২০ সালে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক। সেই সম্পর্কও বিশেষ সুখের হয়নি। ২০২০ সালেই ভূমিষ্ট হয় তাঁদের ছেলে অগস্ত্য। এরপর চার বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৪ সালের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ ঘটে তাঁদের।