সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

খারিজ গৌতম মেননের আবেদন! উল্টে মাশুল গুনতে হবে কত কোটির?

সোমবার ২৩ মার্চ মাদ্রাস হাইকোর্ট পরিচালক গৌতম বাসুদেব মেননের আবেদন খারিজ করে দিল। শুধু তাই নয়, এদিন একই সঙ্গে কোর্টের তরফে গৌতম এবং তাঁর পার্টনারশিপ ফার্ম ফোটন ফ্যাক্টরিকে নির্দেশ দেওয়া গিয়েছে তাঁরা যেন অবিলম্বে ৪ কোটি ২৫ লাখ টাকা বার্ষিক ১২ শতাংশ সুদ সমেত ফেরত দেন। ২০১০ সাল থেকে ২০২৬ এর মার্চ পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৬ বছরের সুদ সমেত যত টাকা হচ্ছে তত এস এলরেড কুমারের প্রযোজনা সংস্থা আর এস ইনফোটেইনমেন্টকে দিতে হবে। 

আসছে 'ধুরন্ধর ৩'? জল্পনা রটতেই কী বললেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা? 

'ধুরন্ধর ২' মুক্তি পাওয়ার পর থেকেই হইচই ফেলেছে। নজর কেড়েছে আদিত্য ধরের নিখুঁত পরিচালনা এবং ডিটেলিং। রণবীর সিং বরাবরের মতোই তাঁর দুর্ধর্ষ অভিনয়ে তাক লাগিয়েছেন। এসবের পাশাপাশি চর্চায় রয়েছে মুকেশ ছাবরার দুর্দান্ত কাস্টিং। এবার যখন 'ধুরন্ধর ৩' ছবিটি নিয়ে জল্পনা তুঙ্গে তখন কী জানালেন 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির কাস্টিং ডিরেক্টর? সম্প্রতি 'ধুরন্ধর ২' মুক্তি পাওয়ার একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হচ্ছে, 'ধুরন্ধর ২' শেষ নয়, এরপর আসছে 'ধুরন্ধর ৩: দ্য মেহেম'। জুন মাসে নাকি মুক্তি পাবে সেই ছবি। যদিও এই ছবিটিকে ইতিমধ্যেই এআই নির্মিত বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু 'ধুরন্ধর ৩' কি আসছে? কোনও পরিকল্পনা আছে? এই বিষয়ে মুকেশ ছাবরা জানিয়েছেন, এমন কিছু ঘটবে না। তাঁর কথায়, 'এমন কিছুই হবে না। অনেক ভুয়ো তথ্য ছড়াচ্ছে।' প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিং, সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, প্রমুখ। 

?ref_src=twsrc%5Etfw">March 18, 2026

'ধুরন্ধর ২' ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না 'ভূত বাংলা', দাবি অক্ষয়ের! 

বহুদিন পর আবার বড়পর্দায় ফিরছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের অভিনেতা পরিচালক জুটি। 'ভুল ভুলাইয়া' জুটির আগামী ছবি 'ভূত বাংলা' আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে। কিন্তু বর্তমানে তো বক্স অফিসে 'ধুরন্ধর ২' -এর ঝড় চলছে। আর যেভাবে ব্যবসা করছে আদিত্য ধর পরিচালিত এই ছবি তাতে এত শীঘ্রই তার গতি শ্লথ হবে বলে মনে হচ্ছে না। এই অবস্থা নিয়ে কি চিন্তিত অক্ষয় কুমার? জানালেন একেবারেই না। তাঁর মতে, ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ছবির ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না 'ভূত বাংলা'। অভিনেতা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'বিভিন্ন ধরনের ছবি তৈরি হয়। ধুরন্ধর ছবিটি দুর্দান্ত, আমি দেখেছি। কিন্তু ভূত বাংলা ছবিটি একদম আলাদা। ধুরন্ধর পূর্ণবয়স্কদের ছবি। আর ভূত বাংলা ছোটদের জন্য। পরিবারকে নিয়ে দেখার মতো ছবি।' তিনি আরও জানান যখন কোনও ছবি বানান তাঁরা, ট্রেন্ড দেখেন না। দেখেন গল্প কেমন। এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।