ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য এই সিরিজ নিয়ে আসছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও দর্শনা বণিককে। পরিচালক দেবলয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ ‘গোর্কির মা’ একটি টানটান মনস্তাত্ত্বিক থ্রিলার। মাত্র একটি রাতের প্রেক্ষাপটে তৈরি এই গল্পটি টিকে থাকার লড়াইয়ের এক জটিল সমীকরণ তুলে ধরে। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে এল সিরিজের প্রথম ঝলক।

 

গল্পের মূল চরিত্র মানিক একজন প্রভাবশালী প্রোমোটারের হয়ে একটি পুরনো পৈতৃক বাড়ি দখল করতে আসে। সদ্য বিবাহিত মানিকের কাছে এই কাজটি ছিল নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার একটা সুযোগ এবং পরিস্থিতির সঙ্গে সামান্য এক আপস। কিন্তু সেই বাড়িতে থাকেন লাবণ্য নামের এক বিধবা নারী, যিনি নিজের অস্তিত্ব আর একাকীত্ব আগলে বাঁচেন। মানিকের জেদ আর লাবণ্যর প্রতিরোধের মাঝে এক অদ্ভুত মানসিক লড়াই শুরু হয়, যা আরও জটিল হয়ে ওঠে লাবণ্যর ছেলে গোর্কির আকস্মিক আবির্ভাবে।

 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই চার দেয়ালের মাঝেই অতীত আর বর্তমান মিলেমিশে এক রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি করে। লাবণ্যর শোকের আড়ালে থাকা রহস্য যেমন গভীর হতে থাকে, তেমনই বাইরে অপেক্ষা করে থাকা স্ত্রীর কাছে ফেরার আকুলতা আর নিজের অপরাধবোধের মাঝে ক্রমশ দিশেহারা হয়ে পড়ে মানিক। অস্পষ্ট উদ্দেশ্য আর থমথমে নিস্তব্ধতায় ঘেরা এই সিরিজটি দর্শকদের মনে কিছু অমোঘ প্রশ্ন রেখে যায়—সেই রাতে আসলে ঠিক কী ঘটেছিল, কোন সত্যি ঢাকা পড়ে আছে স্মৃতির আড়ালে এবং নিজের অস্তিত্ব বজায় রেখে ভবিষ্যতের নেশায় মানুষ কত দূর যেতে পারে?

প্রাথমিকভাবে 'হাজার ছিয়াশির মা' নামটি রাখা হয়েছিল। জানা গিয়েছে মহাশ্বেতা দেবীর বই এবং গোবিন্দ নিহালনির ছবি হাজার চুরাশির মায়ের উপর ভিত্তি করে এগোচ্ছিল এই সিরিজের চিত্রনাট্য। গল্প অনুযায়ী কোনও নকশাল আন্দোলনের ছবি ফুটে উঠবে না। তার বদলে বরং দেখা মনস্তাত্ত্বিক গল্প। আগামী ১৬ মে ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি।