সোশ্যাল মিডিয়ার এই যুগে একজন সাধারণ মানুষের পক্ষেই নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখা কঠিন। আর তিনি যদি হন বলিউডের ‘ভাইজান’ সলমন খান, তবে তো কথাই নেই। কিন্তু সম্প্রতি সলমন খানকে কেন্দ্র করে যা ঘটল, তা প্রাইভেসির সমস্ত লক্ষ্মণরেখা পার করে দিয়েছে। ক্যামেরার ফ্ল্যাশ এবার আর হাসপাতালের বাইরে বা রাস্তার মোড়ে আটকে থাকল না, তা সটান ঢুকে পড়ল অভিনেতার ঘরের ভেতর! হ্যাঁ, সম্পূর্ণ ওঁর অজান্তে, ওঁর নিজের চার দেওয়ালের নিরাপদ আশ্রয়ের ভেতর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও চুপিচুপি রেকর্ড করে ইন্টারনেটে লিক করে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে— সারাদিনের শুটিংয়ের পর অত্যন্ত ক্লান্ত সলমন খান ওঁর কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ডিনার করছেন। ভিডিওটি ঠিক কোন জায়গার (ওঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট না কি পানভেলের ফার্মহাউস), তা স্পষ্ট চেনা না গেলেও এটুকু পরিষ্কার যে, সলমনের সম্পূর্ণ বিনা অনুমতিতে, অত্যন্ত গোপনে এবং অনধিকার প্রবেশ করে এই ভিডিওটি শুট করা হয়েছে।















