১০ এপ্রিল মুক্তি পেল 'বিবি পায়রা'। অর্জুন দত্ত পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দামকে। 'বিবি পায়রা' ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন মুম্বইয়ের অত্যন্ত পরিচিত এবং সুদক্ষ, জনপ্রিয় গায়িকা শিল্পা রাও। রীতিমত ভাইরাল সে গান। কিন্তু বাংলায় কি শিল্পী কম পড়িয়াছে? এই গান গাওয়ানোর জন্য কেন কোনও বাঙালি শিল্পীকে বেছে নেওয়া হল না, এই প্রসঙ্গে আজকাল ডট ইনের কাছে মুখ খুললেন ছবির পরিচালক অর্জুন দত্ত।
অর্জুন এদিন 'বিবি পায়রা' ছবিটির টাইটেল ট্র্যাকের গায়িকা নির্বাচন প্রসঙ্গে বলেন, "এরম ভাবে আসলে ভাবিনি। সত্যি বলতে অত ভেবে করিনি বিষয়টা। আমার মাথায় শিল্পার কথা আসেওনি। অকারণ কৃতিত্ব নেব না। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার সঙ্গীত পরিচালকের। ও আর আমাদের প্রযোজক প্রদীপ দা ওঁরা দু'জন ভাবল যে যদি এটা শিল্পা রাওকে দিয়ে গাওয়ানো যায়।" তাঁর আরও সংযোজন, "এটা যেহেতু একটা পার্টি সং, একটু রেট্রো ফ্লেভর আছে, তাছাড়া পাওলি দি, স্বস্তিকা দির কণ্ঠের সঙ্গেও যেতে হবে...। আর শিল্পা রাওয়ের কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে। ঠিক সেক্সি নয়, একটা সেনসুয়াস ব্যাপার আছে। শিল্পারও খুব ভাল লেগেছিল কাজটা করে। ও নিজে আমায় জানিয়েছিল।"
'বাংলার শিল্পী কম পড়িয়াছে' কিনা প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, "বাংলায় ট্যালেন্টেড শিল্পী তো প্রচুর। আমার প্রথম কোনও ছবিতে বাংলার বাইরের কোনও শিল্পী গান গাইল।"
প্রসঙ্গত 'বিবি পায়রা' ছবিটিতে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম ছাড়াও আছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, রূপালি রায় ভট্টাচার্য, লোকনাথ দে, প্রমুখ। 'বিবি পায়রা' গানটি কম্পোজ করেছেন মৈনাক মজুমদার। গানটি লিখেছেন প্রসেন। এবং নাচটির কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। নন্দী মুভিজ ছবিটির প্রযোজনা করেছেন। এবং পরিচালনা জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন দত্তের।















