গতকাল রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর তদন্তের দাবিতে প্রতিবাদ মিছিল করেছিল আর্টিস্ট ফোরাম৷ রাহুলের মৃত্যুর তদন্ত নিয়েও সরব জয়জিৎ। আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অভিনেতা জয়জিৎ ব্যানার্জির সঙ্গে।    

শুটিংয়ে কি যথাযথ সুরক্ষাবিধি মানা হয়, আজকাল ডট ইন-এর প্রশ্নে জয়জিৎ বলেন, "ইনডোর শুটিংয়ের ক্ষেত্রে আগুন লাগলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ইত্যাদি রাখতে হয়৷ কিন্তু আমরা তো কখনও ডাক্তার নিয়ে শুটিং করিনি৷ কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, সমুদ্রে শুটিং হচ্ছে, সেখানে শুটিং করার জন্য অনুমতিই তো নেই। তারপর ভুল তথ্য দেওয়া হচ্ছে৷ হতেই পারে কোনও ভাবে দুর্ঘটনা ঘটেছে৷ এসে তো ক্ষমা চেয়ে বলতে পারত যা দায়িত্ব নেওয়ার আমরা নিচ্ছি। আমাদের ভুল হয়েছে৷ ভুল তো হতেই পারে মানুষ মাত্র। মিথ্যে কথা কেন বলবে? এক একজন এক এক রকম কথা বলে ফাঁসিয়ে দেবে, এটা কেন করবে?"  

 লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা হিসাবে অত্যন্ত 'পারফেকশনিস্ট'।  তাই "আরও ভাল অভিনয়ের খিদে থেকেই নিজেই শট দিতে চেয়েছিলেন৷ স্ক্রিপ্টে তেমন কিছু ছিল না"।  

এই প্রসঙ্গে জয়জিৎ আজকাল ডট ইন-কে বললেন, "ডিরেক্টর হলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ৷ আমি কি ব্লগিং করছি যে আমি ড্রোন বাড়ি থেকে ভাড়া করে নিয়ে গেলাম?  আমি তো আর্টিস্ট, ড্রোন থাকলেও কোনও অভিনেতা অভিনেত্রী বলতে পারেন না যে ড্রোন শট নিন। শট ডিজাইন করেন ডিরেক্টর৷ একটা শট দেওয়ার পরে ভাল না হলে আরেকবার শট দেব এটুকু বলতে পারি এর বেশি কিছু না।"

রাহুল অরুনোদয় ব্যানার্জি স্বেচ্ছায় ড্রোন শট দিয়েছেন। ধারাবাহিকের শুটিংয়ে ড্রোন শট ছিল না, এমন অভিযোগ এর প্রসঙ্গে জয়জিৎ বলেন 'মিথ্যে কথা বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যে কথা বলা হচ্ছে৷' 

বাইরে শুটিংয়ের ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব থাকে প্রত্যেক শিল্পীকে শুটিংয়ে যাওয়া থেকে সুরক্ষিত ভাবে শুটিং শেষ করে ফিরে আসা পর্যন্ত সুবিধা অসুবিধার খেয়াল রাখা৷  আজকাল ডট ইন  এই বিষয় প্রশ্ন করেছিল জয়জিৎ ব্যানার্জিকে।  জয়জিৎ বলেন, "আমি যেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে প্রোডাকশনের গাড়িতে পা দিলাম, আমার বাড়ি ফেরা পর্যন্ত প্রোডাকশনের দায়িত্ব। এক্ষেত্রেও গন্ডগোল হয়েছে৷ একজন প্রোডাকশন ম্যানেজার যে স্পটে আছে সে কি না হোটেলে গিয়ে গাড়ি ছাড়ছে আর বলছে প্যাক আপ হয়ে গিয়েছে৷ ডিরেক্টর বলছেন, ড্রোন শট নিচ্ছিলাম৷ স্ক্রিপ্ট রাইটার বলছেন আমি এরকম সিন লিখিনি, রাহুল চেয়েছিলেন বলে করা হয়েছে৷ ইপি বলছেন, ওরকম একটা শট ছিল। কেউ বলছেন গোড়ালি ডুবেছিল কেউ বলছেন হাঁটুজল। কোনটা সত্যি?  এত রকম মন্তব্য কী করে আসে!" 

রাহুলের ধারাবাহিকের সহশিল্পীরা 'নিরুদ্দেশ', 'কারও সন্ধান পেলে জানাবেন', কটাক্ষ করে সমাজমাধ্যমে পোস্টও করেছেন  জয়জিৎ। এমনকি রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে প্রতিবাদ মিছিলে কিছু মানুষের উপস্থিতি নিয়েও সমাজমাধ্যমে কটাক্ষ করেছেন জয়জিৎ।  

 জিতু কামালের অভিযোগ প্রসঙ্গে জয়জিৎ বলেন, জিতু আমার অত্যন্ত কাছের৷ আমি ওর ক্ষোভের ওর কষ্টের জায়গটা বুঝি। কিন্তু এটা সময়সাপেক্ষ বিষয়। তবে জিতুর বিষয়টাও গুরুত্ব দিয়ে ভাবা উচিত বলেই আমার মনে হয়।"