রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে অভিনেতা অভিনেত্রী কলকুশলীদের নিরাপত্তা নিয়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি দেওয়া হয়৷ যদিও শোনা গিয়েছিল আর্টিস্ট ফোরাম এফআইআর করবে৷ কিন্তু এফআইআর করার পরিবর্তে কেন শুধু চিঠি পাঠাল আর্টিস্ট ফোরাম? আজকাল ডট ইন প্রশ্ন করেছিল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে৷
রূপাঞ্জনা জনান, "রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হোক, এটা আমরা সকলেই চাই৷ আস্থা রাখুন আর্টিস্ট ফোরামের উপর৷ সমস্ত পদক্ষেপ আইন মেনেই করা হবে৷ আইন মেনেই আর্টিস্ট ফোরাম রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত এগিয়ে নিয়ে যাবে৷ রাহুল অরুনোদয় ব্যানার্জি অবশ্যই বিচার পাবেন৷ প্রিয়াঙ্কা অত্যন্ত ভেঙে পড়েছে কিন্তু প্রিয়াঙ্কা যথাসাধ্য চেষ্টা করছে এই তদন্ত যাতে সঠিক পথে হতে পারে ৷ রাহুলের মৃত্যুর ঘটনা আমাদের এমনভাবে আঘাত করেছে যে কেউ আমরা সেদিনের পর থেকে ঘুমোতে পারছি না।"
রূপাঞ্জনা আরও জানান, "এই পদক্ষেপ সময়সাপেক্ষ বিষয় কিন্তু আমরা সকলেই একমত, রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই চেষ্টাই সকলে করছি৷ লড়াইটা শুরু হয়ে গিয়েছে৷ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে নোটিস দেওয়া হয়েছে তার উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। "

২৯ মার্চ দুর্ঘটনাস্থলে যাঁরা ছিলেন তাঁদের স্ববিরোধী বয়ানে জটিলতা তৈরি হয়েছে। টলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ জানতে চেয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
এদিন আর্টিস্ট ফোরামের তরফে বিবৃতিতে জানানো হয়, "গত রবিবার ২৯ মার্চ বিকেলবেলা ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা নামক সিরিয়ালের শুটিং করতে গিয়ে আমাদের সংগঠনের সদস্য ও বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কবলিত হয়ে সমুদ্রের জলে ডুবে মারা যান। তাঁর মা, স্ত্রী, পুত্রের সঙ্গে গুণমুগ্ধ দর্শক এবং বন্ধুরা শোকে হতবাক। আমরা তাঁর পরিবারের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।"
আর্টিস্ট ফোরাম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছে। সেই বিবৃতিতে লেখা হয়, "গত কয়েক দিন ধরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ স্ববিরোধী মন্তব্য করছেন তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে সবাই। আসল প্রশ্ন, রাহুলকে কেন এই দুর্ঘটনায় পড়তে হল? প্রযোজকদের তরফে কি আগে থেকে কোনও শিল্পীকে বাঁচানোর ব্যবস্থা করা হয়নি? এই বিপদজনক জায়গায় শুটিং করা হল কেন? আমরা স্বচ্ছ উত্তর চেয়ে চিঠি দিয়েছি। আশা করি যথাযথ উত্তর দেবেন। যদি উত্তর না দেন, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতিতে লেখা হয়, "আমরা, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার গভীরভাবে শোকাহত আমাদের কলিগ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে। আমরা ইতিমধ্যেই আমাদের কলাকুশলীদের সঙ্গে কথা বলা শুরু করেছি। কিন্তু তাঁদের অধিকাংশই ট্রমাটাইজড, সেদিন ঠিক কারণে এটি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলার জন্য। আমরা আর কিছুদিন সময় চাইছি ওদের বয়ান আরও সুসংগঠিত ভাবে নেওয়ার জন্য। যাতে বিভিন্ন ধরনের যে বয়ান সামনে আসছে সেই বিভ্রান্তি দূর হয়। আমরা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করব।" ম্যাজিক মোমেন্টস দাবি করেছে তাঁরা সম্পূর্ণ নিরাপত্তার দিক মাথায় রেখে, অনুমতি নিয়েই শুটিং করছিল। তারপরেও এই দুর্ঘটনাটি ঘটেছে।
















