পপ দুনিয়ার জনপ্রিয় গায়িকা দুয়া লিপা (Dua Lipa) এবং হলিউড অভিনেতা ক্যালাম টার্নার (Callum Turner) নাকি এবার আনুষ্ঠানিকভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, লন্ডনের ঐতিহাসিক ওল্ড মারিলেবন৷ টাউন হলে ( Old Marylebone Town Hall)-এ ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে। 

খবর অনুযায়ী, অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। মাত্র কয়েকজন ঘনিষ্ঠ মানুষকে নিয়েই আয়োজন করা হয়েছিল এই বিশেষ মুহূর্ত। বিয়ের দিন দুয়া লিপাকে দেখা যায় সাদা Schiaparelli couture পোশাকে। সঙ্গে ছিল গ্লাভস, স্টাইলিশ টুপি।  অন্যদিকে, ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট। অনুষ্ঠান শেষে দু’জনকে হাত ধরে বেরিয়ে আসতেও দেখা যায়।


যদিও এখনও পর্যন্ত দুয়া বা ক্যালামের পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই এই জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে প্রথম তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে থাকে দু’জনকে। ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে দুয়া নিজেই তাঁদের বাগদানের কথা নিশ্চিত করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, একসঙ্গে ভবিষ্যৎ গড়ার ভাবনাই তাঁর কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি।

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, লন্ডনের এই অন্তরঙ্গ বিয়ের পর ইতালির সিসিলিতে আরও বড়সড় তিন দিনের উদ্‌যাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে সংগীত, ফ্যাশন ও বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতি থাকতে পারে বলেও জল্পনা চলছে।