২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন সপরিবারে ভোট দেন দেব। তারপরই মুখোমুখি হলেন সাংবাদিকদের। এই বছরের ভোট দিয়েই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে কী আবেদন মেগাস্টারের?
ভোট দিয়ে বেরিয়েই দেব এদিন বলেন, "যবে থেকে ভোট দিচ্ছি সাউথ সিটিতেই দিই, এবারও তাই। প্রতিটি দল লড়াই করছে তাঁদের দলকে জেতানোর জন্য। তাঁদের, তাঁদের কর্মীদের শুভেচ্ছা। আমি চাইব সবাই যেন এই গণতান্ত্রিক অধিকার ব্যবহার করেন। একটা ভাল সরকার যেন আসে, একটা ভাল ভবিষ্যৎ যেন আমরা আমাদের আগামী প্রজন্মকে দিতে পারি।"
SIR এবং ভোটের শতাংশ বাড়ার প্রসঙ্গে মেগাস্টার বলেন, "আগের বার ৮৫ শতাংশ ছিলাম তাই তো? আজকে যদি সাড়ে সাত কোটির মধ্যে ৯০ লাখ বাদ পড়ে যায়, এমনি ১২ শতাংশ ভোটার বাদ চলে গিয়েছে। সেক্ষেত্রে এমনি ৯০ শতাংশের উপর ভোট চলে হচ্ছে হিসেব মতো। যত বেশি ভোট পড়বে তত ভাল। মানুষকে বোঝাতে হবে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এক মাস ধরে আমার দলের হয়ে প্রচার করেছি আমি চাইব আমার দল জিতুক, আবার সরকার গড়ুক। আমার স্বপ্ন, আমার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য শপথ গ্রহণ করুন। বাকিটা ৪ তারিখ জানা যাবে।"
এবারের নির্বাচনের পর দেব কোন বদল চাইবেন রাজ্যে? প্রশ্ন শুনেই তিনি স্পষ্ট করে বলেন, "যেভাবে পপুলেশন বাড়ছে, চাকরির যা অবস্থা সেটা বাংলা বলে না, গোটা দেশেই। সেখানে দাঁড়িয়ে পপুলেশন কন্ট্রোল আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আগে চিনের জনসংখ্যা বেশি ছিল, এখন আমরা এগিয়ে গিয়েছি। ওদের জায়গা আমাদের তুলনায় অনেক বেশি। দিদি এলে, দিদিকে বলব সকলকে নিয়ে একটা প্ল্যান বানাতে পপুলেশন কন্ট্রোল করার। সেটা করতে ২০-২৫ বছর লাগবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করলেই অনেক সমস্যার সমাধান হবে। এটাই মূল বিষয় হওয়া উচিত। এটা ঘাটাল মাস্টারপ্ল্যান নয় যে ৫ বছরের মধ্যে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অনুরোধ, যৌথ ভাবে এটা নিয়ে একটা কাজ করা হোক।"
প্রসঙ্গত, গত এক মাস ধরে দেব তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন প্রচার করার জন্য। দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগেই বেহালায় রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে এসে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে তুলে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। যদিও পরবর্তীতে দেব নিজেই ভিডিও পোস্ট করে জানান তিনি ঠিক আছেন। এমনকী শেষ দিনের প্রচারেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে।
নির্বাচনী প্রচার মিটিয়েই ছবির কাজে মন দিয়েছেন দেব। এবারের পুজোয় মুক্তি পেতে চলা ছবি 'দেশু ৭' ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তার আগে স্বাধীনতা দিবসের সময় কথা আছে তাঁর ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' মুক্তি পাওয়ার। আর শীতের ছুটিতে আসতে পারে 'টনিক ২'।















