অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী হেনস্থার অভিযোগ করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে৷ অভিনেত্রীর অভিযোগ, দেবালয় ভট্টাচার্য সাকসেস পার্টিতে জোর করে অভিনেত্রীকে চুম্বন করার চেষ্টা করেন৷ এই ঘটনার জেরে অঙ্কিতা আইনি নোটিশ পাঠিয়েছেন দেবালয় ভট্টাচার্যকে৷ এই বিষয় দেবালয় ভট্টাচার্যের বক্তব্য জানতে চাওয়া হলে দেবালয় বলেছিলেন এমন কিছু ঘটেনি৷ পার্টিতে সকলেই ছিল৷ আগে দেবালয় জানিয়েছিলেন তিনি পাল্টা আইনি নোটিশ পাঠাবেন অঙ্কিতাকে। কারণ, তাঁর চরম মানহানি হয়েছে।
এবার খবর, অঙ্কিতাকে সরাসরি আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন দেবালয়। আজকাল ডট ইন-কে তিনি এই বিষয়ে বলেন, "অঙ্কিতা বলেছিল ও নাকি আমায় আইনি নোটিশ পাঠিয়েছে, কিন্তু আমি সেটা পাইনি। আমি নিজেই ওকে আইনি নোটিশ পাঠিয়েছি। আসলে এখন বিষয়টা আইনের হাতে তো তাই এই বিষয়ে আর কোনও মন্তব্য করা উচিত হবে না। যা হবে এবার আইনি পথেই হবে।"
এর আগে সমাজমাধ্যমের পোস্ট ডিলিট করা প্রসঙ্গে দেবালয় বলেছিলেন, "আমি ফেসবুকে নিয়মিত থাকি না৷ সেদিন একটা পোস্ট করেছিলাম৷ পোস্টের পরিপ্রেক্ষিতে আমাকে একজন বলে, দেবালয়দা তুমি যা লিখেছ সেগুলো লিখো না, মানুষ তোমাকে ভুল বুঝবে৷ তোমার রসিকতা কেউ বুঝবে না। আমি সকালে ঘুম থেকে উঠে পোস্ট ডিলিট করে তাকে জানাই ডিলিট করে দিয়েছি৷ এই প্রমাণ আছে আমার কাছে৷ এরপর আমার কাছে একটা পোস্ট আসে৷ সেখানেই আমি কমেন্টটা দেখি এবং আমি অবাক যে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করেছেন অঙ্কিতা চক্রবর্তী। যাঁর সঙ্গে আমি শেষ ৫-৬ বছর কাজ করিনি। সেখানে একজন নাবালককে নিয়েও কথা বলা হয়৷ এবার আমি যেহেতু পোস্ট আগেই ডিলিট করে দিয়েছি আমার কিছু করার নেই৷ আর সমাজমাধ্যম দুইয়ে দুইয়ে চার করেন৷ নিশ্চয় দেবালয় দোষী৷ মিডিয়া ট্রায়াল হয়ে গেল। আমি কিন্তু কোনও কথা বলিনি৷ ও অনেক ভাল অভিনেত্রী৷ খুবই খারাপ অভিনয় করেছে৷ একদমই বিশ্বাসযোগ্য মনে হয়নি৷ ও যা বলছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ অভিযোগ৷ এগুলো সোশ্যাল মিডিয়ায় না বলে আমি হলে আইনি পদক্ষেপ করতাম৷ উনি আমাকে নানা হুমকি নানা অভিযোগ করেছেন৷ জানি ওঁর উপর চাপ এসেছে তাই এই প্রেস কনফারেন্স ডেকে আইনি নোটিশের কথা বলা৷ এই নোটিশ এখনও আমার কাছে আসেনি৷ কিন্তু যেভাবে আমার সম্মানহানি করা হয়েছে তার জন্য আমি আইনি পদক্ষেপ করব৷ দোষী প্রমাণিত হলে আমি মেনে নেব৷ "















