সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শিল্পা শিল্ডের বিরুদ্ধে পদক্ষেপের দাবি
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে আইনি বিতর্কের কেন্দ্রে। এবার তাঁর বিরুদ্ধে সরব হল অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। অভিনেত্রীর আনা একটি যৌন হেনস্থার অভিযোগকে ‘সাজানো’ বা ‘মিথ্যা’ বলে দাবি করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের দ্বারস্থ হয়েছে সিনেমা কর্মীদের এই শীর্ষ সংগঠন। সম্প্রতি বিনোদন জগতের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন শিল্পা শিন্ডে। কিন্তু এআইসিডব্লুএ-এর দাবি, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। সংগঠনের কর্তাদের মতে, এটি কেবল ব্যক্তিগত আক্রোশ মেটানোর একটি কৌশল মাত্র। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিনোদন জগতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি, কিন্তু আইনের অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
বিশ বাঁও জলে ‘দোস্তানা ২’
বলিউডের অন্যতম আলোচিত এবং দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘দোস্তানা ২’ নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। এবার শোনা যাচ্ছে, সৃজনশীল মতপার্থক্যের জেরে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘লাল সিং চড্ডা’ খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন। ফলে করণ জোহরের ধর্মা প্রোডাকশন্সের এই ছবি এখন ফের পরিচালকহীন হয়ে পড়ল। ‘দোস্তানা ২’ সিনেমাটির ভাগ্য শুরু থেকেই বিপর্যয়ের মুখে। ২০১৯ সালে যখন প্রথম এই ছবির ঘোষণা করা হয়েছিল, তখন মূল চরিত্রে অভিনয়ের কথা ছিল কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং লক্ষ্য লালওয়ানির। কলিন ডি’কুনহা ছিলেন ছবির পরিচালনার দায়িত্বে। কিন্তু ২০২১ সালে আচমকাই কার্তিক আরিয়ানের সঙ্গে করণ জোহরের তুমুল বিবাদ বাঁধে, যার জেরে কার্তিককে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়। এরপর ছবিটির কাজ পুরোপুরি থমকে গিয়েছিল। দীর্ঘদিন ঠান্ডা ঘরে পড়ে থাকার পর, করণ এই প্রজেক্টটিকে নতুন করে বাঁচিয়ে তোলার সিদ্ধান্ত নেন। চিত্রনাট্যে আমূল বদল এনে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আমির খানের বিশ্বস্ত পরিচালক অদ্বৈত চন্দনকে। কিন্তু কাজ শুরু হতে না হতেই ফের ছন্দপতন ঘটল। সূত্রের খবর, চিত্রনাট্যের গতিপ্রকৃতি এবং ছবির সৃজনশীল নানা বিষয়ে প্রযোজক সংস্থা ও পরিচালকের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়। কোনও পক্ষই আপস করতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অদ্বৈত চন্দন ছবিটির কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
জাহ্নবীর কাছে ক্ষমা চাইলেন ‘পেড্ডি’ ছবির পরিচালক
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক বুচি বাবু সানা তাঁর ছবি ‘পেড্ডি’-র নায়িকা জাহ্নবী কাপুরকে নিয়ে করা একটি মন্তব্যের জন্য প্রকাশ্যেই ক্ষমা চাইলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহ্নবীকে নিয়ে তাঁর কিছু মন্তব্য সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের একাংশ পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে কেবল ‘বডি অবজেক্টিফাই’ বা পণ্য হিসেবে উপস্থাপন করার অভিযোগ তোলেন। পরিস্থিতি বেগতিক দেখে এবার নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলেন পরিচালক। সাক্ষাৎকারে ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীর চরিত্র ও তাঁর লুক নিয়ে কথা বলার সময় বুচি বাবু সানা এমন কিছু শব্দ ব্যবহার করেছিলেন, যা দর্শকদের একাংশের কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়। অভিযোগ ওঠে, একজন অভিনেত্রীর অভিনয় দক্ষতা বা চরিত্রের গভীরতা নিয়ে কথা না বলে, পরিচালক তাঁর শারীরিক গঠন এবং বাহ্যিক সৌন্দর্যকেই অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখিয়েছেন। এরপরই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। বিতর্ক বাড়তে থাকায় পরিচালক বুচি বাবু সানা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, তাঁর উদ্দেশ্য কোনওভাবেই কাউকে আঘাত করা বা জাহ্নবীকে অসম্মান করা ছিল না। তিনি যদি অজান্তে কোনও ভুল শব্দ ব্যবহার করে থাকেন, তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।















