শীঘ্রই মুক্তি পেতে চলেছে চাঁদ মেরা দিল। তবে তার আগে এদিন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেতে ছবি থেকে বাদ পড়ল গুরুত্বপূর্ণ অংশ! কী কী নির্দেশ দেওয়া হল অনন্যা পাণ্ডে এবং লক্ষ্যের ছবিকে?
জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফে চাঁদ মেরা দিল ছবিটির নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা এই ছবি থেকে নায়ক নায়িকার দীর্ঘ চুম্বন দৃশ্য বাদ দেন। চাঁদ মেরা দিল ছবিটিতে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্যের ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য রয়েছে। তাঁদের এই লিপ লক সিনেই আপত্তি সেন্সর বোর্ডের। তাই এটিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
একই সঙ্গে সেন্সর বোর্ডের তরফে এই ছবির নির্মাতাদের বলা হয়েছে ছবিতে থাকা ১০ সেকেন্ডের যে চুম্বন দৃশ্য রয়েছ সেটাও যেন বাদ দেওয়া হয়। সেটার জায়গায় অন্য কোনও যথাযথ ভিজ্যুয়াল রাখা যেতে পারে। তারপরই এই ছবিটিকে U/A ১৬+ ছাড়পত্র দেওয়া হবে।
তবে স্বাভাবিক বিষয়ই, এই রগরগে রোমান্টিক দৃশ্যগুলো যদি বাদ যায়, তাহলে রোম্যান্সের মাত্রা অনেকটাই কমে যাবে। একই সঙ্গে কমবে ছবির দৈর্ঘ্য। বর্তমানে কাটছাঁটের পর চাঁদ মেরা দিল ছবিটি ২ ঘণ্টা ১৫ মিনিটের।
প্রসঙ্গত, চাঁদ মেরা দিল ছবিটি আগামী ২২ মে মুক্তি পাবে। ধর্মা প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে ছবিটি। মুখ্য ভূমিকায় অনন্যা পাণ্ডে, লক্ষ্য এবং আস্থা সিংকে দেখা যাবে। বিবেক সোনি ছবিটির পরিচালনা করেছেন।
বলিউডে লক্ষ্য ও অনন্যা পাণ্ডের জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছে। ছবির ট্রেলার এবং গানও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। রোমান্টিক জুটি হিসেবে পর্দায় এটাই এই দুই তারকার প্রথম কাজ। ছবি মুক্তির ঘোষণা হতেই দর্শক মহলে সাড়া ফেলেছিল এই ছবির খবর। লক্ষ্য ও অনন্যার জুটিকে নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনাও প্রবল। এখন দেখার, সেন্সর বোর্ডের এই কাটছাঁটের পর আগামী ২২ মে বড়পর্দায় ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে।















