সংবাদ সংস্থা মুম্বই: পিতৃত্বকালীন ছুটি কাটানোর মধ্যেই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর সিং। আগামী নভেম্বরের গোড়াতেই কাজে ফিরবেন তিনি। তাই জিমে ঘাম ঝরিয়ে, জোর কসরত শুরু করেছেন রণবীর। সেই ওয়ার্কআউটের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। চওড়া পেশীবহুল চেহারার সঙ্গে লম্বা চাপদাড়িতে অভিনেতার নতুন লুক দেখে হাঁ নেটপাড়া।
বাবা হওয়ার পর একপ্রকার অন্তরালেই রয়েছেন রণবীর। এই ছবিতেই নিজের বর্তমান লুক প্রকাশ্যে আনলেন তিনি। জানা গিয়েছে, আদিত্য ধরের থ্রিলারধর্মী 'ধুরন্ধর' ছবির দ্বিতীয় শিডিউলের জন্য থাইল্যান্ড এবং ব্যাংককে পাড়ি দেবেন তিনি। সেখানে এক মাস ধরে চলবে শুটিং। ইউনিট ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ব্যাংককে প্রথম শুটিং শিডিউল দুরন্তভাবে উতড়েছে।
শোনা যাচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কেরিয়ারের প্রথম দিকের কয়েকটি রোমাঞ্চকর ঘটনার উপর ভিত্তি করেই লেখা হয়েছে 'ধুরন্ধর' ছবির চিত্রনাট্য। রণবীরকে দেখা যাবে একজন শিখের চরিত্রে। সেইজন্যেই তারকার এই নয়া লুক। শুধু তাই নয়, এই ছবিতে ভারতীয় গুপ্তচর সংস্থার সিনিয়র অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকেও।
প্রসঙ্গত, ছবির ঘোষণার পোস্টের নিজের অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি রণবীর সিং। তিনি লিখেছিলেন,"এই ছবি মূলত আমার অনুরাগীদের জন্য যাঁরা আমার পাশে থেকেছেন, আমার ছবির জন্য অপেক্ষা করছিলেন"। আরও লেখেন, "আমি আপনাদের ভালবাসি। আমি কথা দিচ্ছি এই ছবির দর্শক হিসেবে যে অভিজ্ঞতার শরিক আপনার হতে চলেছেন সেরকম আগে কখনও হননি...এই ছবি বড় ব্যক্তিগত"।
