সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে কি গোপনে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে আদিত্য রায় কাপুর না‌ কি সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন? করিনা কাপুরের চ্যাট শো 'হোয়্যাট উইমেন ওয়ান্ট'-এ এসে সবকিছু নিয়ে খুল্লম খুল্লা আলোচনা করলেন 'আশিকি ২' ছবিখ্যাত এই বলি-নায়ক।

 

শো-এ খোশগল্প চলাকালীন করিনাকে বলতে শোনা যায়, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলা পছন্দ করেন না আদিত্য। তবু বহু মানুষ বিশেষ করে আদিত্যর অনুরাগীরা জানতে চান তাঁর সম্পর্কের স্টেটাস। সেই প্রেক্ষিতেই আদিত্য বলে ওঠেন, "আমার সম্পর্কের স্টেটাস? একদম আরামে আছি। নিজের মতো। এইমুহুর্তে আমার স্টেটাস 'চিলার স্টেটাস'।

এরপর করিনা আদিত্যকে জিজ্ঞেস করেন প্রেমে পড়তে তিনি ভয় পান কি না? শোনামাত্রই আদিত্যর জবাব, " একদম না। আমার বয়স যখন ২০-র কোঠায় তখন এমন এমন সম্পর্কে ছিলাম যা গড়িয়েছিল বেশ কয়েক বছর। যা তিন থেকে পাঁচ বছর তো বটেই। তাই কোনওভাবেই প্রেমে পড়তে, সম্পর্কে জড়ানোর বিষয়ে আমার জড়তা নেই। তবে হ্যাঁ, সম্পর্কে জড়াতে চাই বলে সম্পর্কে জড়াব এরকম ব্যাপারেও বিশ্বাসী নই। স্রেফ একা থাকাটা পছন্দ নয় বলে সম্পর্কে জড়াব এটাতেও আপত্তি আছে আমার। কারওর প্রতি যতক্ষণ না মনের মধ্যে ওই বিশেষ ভাবটা আসছে...তার আগে তাড়াহুড়ো করাটা নিষ্প্রয়োজন বলে মনে করি। শুধু একা লাগছে বলে প্রেম করব... এরকম কোনওকিছু করার প্রশ্নই নেই!"

 

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে শোনা গিয়েছিল অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন আদিত্য। গত বছর দুই ধরে তাঁদের নিয়ে নানা কথা শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। নিজের চ্যাট শো 'কফি উইথ করণ'-এর কফি কাউচে বসেও আদিত্য-অনন্যার সম্পর্কের উপর সিলমোহর না দিলেও তাঁরা যে গোপনে প্রেম করছেন সেই বিষয়ে নানা ইঙ্গিত দিয়েছিলেন করণ জোহর।