নিজস্ব সংবাদদাতা: মিটেছে সব সমস্যা। 'রঘু ডাকাত' হয়ে পর্দায় আসছেন দেব। বছর তিনেক আগে এই ছবির ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছিল কাজ। তবে খবর, সেসব মিটেছে। জোরকদমে 'রঘু ডাকাত'কে পর্দায় হাজির করার প্রস্তুতিতে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন নির্মাতারা। কিন্তু এই ব্যাপারে এখনই কোনও কথা বলতে তাঁরা নারাজ।

 

সূত্রের খবর, এইমুহুর্তে ছবির শুটিংয়ের আউটডোর লোকেশন বাছাইয়ের কাজ চলছে। বাংলার বিভিন্ন জায়গা তো বটেই মহারাষ্ট্র ও পুণের বিভিন্ন জায়গাতেও এই ছবির শুটিং হবে। 'খাদান'-এর শেষ দফার শুটিং আসানসোলে শুরু করেছেন দেব। ডিসেম্বরে মুক্তি পাবে সে ছবি। আর সেই ডিসেম্বর থেকেই শুরু হবে 'রঘু ডাকাত'-এর শুটিং।

 

প্রসঙ্গত ২০২১ সালে 'রঘু ডাকাত' ছবিটির কথা ঘোষণা করা হয়। এই ছবি সম্পর্কে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ' একটি আদ্যপান্ত বাণিজ্যিক ছবি হবে রঘু ডাকাত, যা চুটিয়ে উপভোগ করবেন দর্শক!" সেই সময় প্রকাশ্যে আনা হয় ছবির একটি পোস্টারও। সেখানে অনাবৃত পেশীবহুল উর্ধাঙ্গে দেখা গিয়েছিল 'রঘু ডাকাত'রূপী দেবকে। ধুতি পরে, একহাতে খড়গ অন্য হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে ছিলেন তিনি। কাঁধ ছাপানো চুলে বাঁধা লাল ফেট্টি। দূর সমুদ্রে দেখা গিয়েছিল ব্রিটিশ জাহাজও। 

 

কিন্তু পোস্টার প্রকাশ করার পরেও কেন বারবার পিছিয়ে গিয়েছে এই ছবির কাজ? এই বিষয়ে জানা গিয়েছে বাজেট এবং চিত্রনাট্যে নিয়ে কিছু সমস্যার কারণেই পিছিয়েছিল 'রঘু ডাকাত'।