নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির গণ্ডি ছাড়িয়ে বহু বছর আগে বলিউডে পাড়ি দিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়। বি-টাউনের একাধিক প্রথম সারির তারকার ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সে ‘লগা চুনরি মে দাগ’ হোক অথবা ‘স্পেশ্যাল ২৬’। বহু ছবিতে পুলিশের চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় চরিত্রাভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। কখনও মজার, কখনও ধূসরের ছোঁয়া লাগা সেইসব পুলিশি চরিত্রে অভিনয় করে বিস্তর প্রশংসাও করিয়েছেন তিনি। নতুন ‘অদ্বিতীয়া’ ছবিতেও এক পুলিশ অফিসারের ভূমিকায় তাঁকে দেখবেন দর্শক। তবে এই শেষ। এরপর আর কোনও ধরনের পুলিশের চরিত্রে আর অভিনয় করবেন না খরাজ মুখোপাধ্যায়। অদ্বিতীয়া ছবির শুটিং সেটেই সেই কথা জানিয়ে দিলেন এই অভিনেতা।
ভাল বা খারাপ, যেকোনও ধরনের পুলিশের চরিত্রেই বাজিমাত করেছেন খরাজ। তাদের মধ্যে বেশ কিছু চরিত্র দর্শকমহলে জনপ্রিয়ও হয়েছে। তবে কেন আর পুলিশের চরিত্রে অভিনয় করবেন না তিনি? লুকোছাপা না করেই খরাজ মুখোপাধ্যায়ের জবাব, “জীবনে আমি এত পুলিশের চরিত্রে অভিনয় করেছি যে আসল পুলিশেরাও বোধহয় নিজেদের মধ্যে এত চরিত্র দেখেননি। তাই সম্ভবত এটাই আমার শেষ ছবি যেখানে আমি পুলিশের চরিত্রে অভিনয় করছি”।
এক চরিত্র করতে করতে ক্লান্তি বা একঘেয়েঁমি থেকেই কি এই সিদ্ধান্ত? খরাজ মুখোপাধ্যায় জানালেন, “আমার গুরুদেব বলেছিলেন, ‘না বলতে শিখিস’। এটুকু বলব, একটা চরিত্র যতভাবে করা যায় সেটা করে ফেলেছি। একজন অভিনেতা হিসেবে তো আমি চাইব যে দর্শকেরা পর্দায় আমাকে নতুনভাবে দেখুন। আমিও তাই নতুন চরিত্র পাওয়ার আশা রাখি। তাই সেই ধরনের চরিত্র পেলে কাজ করতে আরও বেশি ভাল লাগবে”।
“আসলে দর্শকদের চোখে একটা ক্লান্তি আসে, তাঁরা দেখছেন বেশিরভাগ ছবিতেই আমি একই চরিত্রে অভিনয় করে চলেছি। সেটা যাতে না হয়, তার থেকেই আমার এই ভাবনা। তবে হিন্দি বা বাংলা সবমিলিয়ে ভাল ছবিতে তো কাজ করছি। পাশাপাশি, বিভিন্ন ধরনের চরিত্রও করছি। তবে পুলিশের চরিত্র সম্ভবত আর করব না। অনেক হয়েছে...আর নয়”।
‘অদ্বিতীয়া’-তে পুলিশ অফিসার ‘সুকমল বিশ্বাস’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি, এই চরিত্রে মজা আছে ঠিকই কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায়ের পাশাপাশি ওম সাহানি, বিশ্বনাথ বসু, লাবনী সরকার, রজতাভ দত্ত সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব কাজ করছেন। খরাজ জানান, বেশ অনেকদিন পর গান-অ্যাকশনে ভরপুর এরকম বাণিজ্যিক ছবিতে কাজ করে দারুণ উপভোগ করছেন তিনি। বিশেষ করে পুরনো সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ সব সময়ই মন ভাল করে দেয় তাঁর, জানালেন অভিনেতা।
















