নিজস্ব সংবাদদাতা: অতনু রায়চৌধুরী প্রযোজিত দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত নতুন ছবির নায়িকা বদল। দেব ও তাসনিয়া ফারিণ জুটিকে প্রথমবার দেখতে পেতেন দর্শকেরা অভিজিৎ সেনের পরিচালনায়। তবে এখন আর তা হচ্ছে না। আপাতত শুরু হয়েছে নতুন নায়িকার খোঁজ।

 

জানা গিয়েছে, সে দেশের অভ্যন্তরীণ সমস্যার জেরে ভিসা পেতে সমস্যা হওয়ায় এই ছবি থেকে বাতিল হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওপার বাংলায় অত্যন্ত জনপ্রিয় মুখ তাসনিয়া। এপার বাংলায় দর্শকেরা অভিনেত্রীকে কিছুদিন আগেই দেখেছেন আর এক পৃথিবী ছবিতে। এরপরই দেবের বিপরীতে এই ছবির মাধ্যমে ফের একবার এপার বাংলার দর্শকের সামনে আসার কথা ছিল অভিনেত্রীর। তবে তা আর হচ্ছে না। উল্লেখ্য, এইমুহূর্তে বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারছেন না বহু তারকা। ভিসার কারণে মূলত এই সমস্যা হচ্ছে।

 

গত মাসেই মুক্তি পেয়েছে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’। তবে সেই সময় পদ্মাপারের দেশ উত্তাল ছিল কোটা আন্দোলনকে কেন্দ্র কর। তাই তখন তো বটেই, তারপরেও ভারতে আসতে পারেননি চঞ্চল চৌধুরী নিজেও। তাই ‘পদাতিক’-এর কোনও প্রচার অনুষ্ঠানেও দেখা যায়নি এই অভিনেতাকে।

সূত্রের খবর, আগস্ট মাসেই আসার কথা ছিল তাসনিয়ার। এরপর চলতি বছরের শেষে লন্ডনে শুটিং হওয়ার কথা ছিল এই ছবির। তবে শুটিং নির্ধারিত সময় হলেও বদলে যাচ্ছে নায়িকা

একই ছবিতে আবার মিঠুন চক্রবর্তী এবং দেব। পাশাপাশি দেব-তাসনিয়া জুটিতাই প্রথম থেকেই তাই এই ছবি ঘিরে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। বর্তমানে দেবের বিপরীতে এবার কোন নায়িকাকে দেখা যাবে এই ছবিতে? তিনি কি টলিপাড়ার না কি বাংলাদেশের? নাকি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় কোনও অভিনেত্রী? আপাতত সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকেরাও।