আশা ভোঁসলের প্রয়াণে শোকাচ্ছন্ন প্রায় গোটা বিশ্ব। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন এই বর্ষীয়ান সুরসম্রাজ্ঞী। আশা ভোঁসলের স্মৃতিতে ডুব দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আজকাল ডট ইন-কে জানালেন তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবিতে গান গেয়েছিলেন আশাজি।
প্রসেনজিৎ চ্যাটার্জির কথায়, "আর ডি বর্মণ-এর সুরে আজ অন্ধকার যতই হোক দূর হবে গানটি গেয়েছিলেন আশাজি। পুরুষত্তম ছবির গান ছিল। পরিচালনা ও প্রযোজনা ছিল আমার। সেই আমার কাছে একটা অভাবনীয় মূহূর্ত ছিল। যাঁদের গান ছোটবেলা থেকে শুনে আসছি, যাঁদের ফ্যান আমি তাঁরাই আমার ছবিতে সুর দিচ্ছেন, গাইছেন এটা পরম পাওয়া ছিল।"
টলিউডের 'জ্যেষ্ঠপুত্র' আরও বলেন, "বাবার দৌলতে ওঁদের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। আশাজি অসম্ভব স্নেহ করতেন আমায়। আমার ছবিতে বহু নায়িকা ওঁর গানে লিপ সিঙ্ক করেছে। আশাজি কেরিয়ার শুরু করেছিলেন সেই ও.পি নায়ারের সময়কাল থেকে। উনি তো ট্রেন্ড সেটার ছিলেন। আজও যদি দেখা যায় ওনার গান মানুষ শুনছে, তার রিমিক্স হচ্ছে। ওনার গলার যে প্যাটার্ন, সেটা কারওর সঙ্গে মিলত না। সেই সময় দাঁড়িয়ে সব ধরনের গান গাইতেন তিনি। ওনার মৃত্যুটা একটা বড় ক্ষতি সবার জন্য। তবে গান বলতেই তো লতা-আশা, আমরা দু'জনকেই হারালাম।"
প্রসঙ্গত, মৃত্যুকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন আশা ভোঁসলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছিল বর্ষীয়ান গায়িকার শারিরীক অবস্থার অবনতি হতেই তাঁকে তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। না ফেরার দেশে আশা ভোঁসলে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার বিকেল চারটেয় শিবাজী পার্কে আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।
















