প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে৷ ৯২ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ৷ 

শ্রেয়া ঘোষাল শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানালেন৷ বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে শ্রেয়া লিখেছেন তাঁর একান্ত অনুভবের কথা৷ 

শ্রেয়া লিখেছেন, "আমরা আজ হারালাম সেই কণ্ঠকে যা আমাদের প্রজন্মকে চিনিয়েছে৷ এমন এক ব্যক্তিত্ব যিনি স্বয়ং সঙ্গীতকে সৃষ্টি করেছেন নতুন আঙ্গিকে।" 

 শ্রেয়ার মতে আশা ভোঁসলে অনন্ত। তিনি লিখেছেন, "আশা ভোঁসলেজি, শুধুমাত্র কিংবদন্তী নন, তিনি সীমাহীন৷" 

শ্রেয়ার সংযোজন, "আমি ওঁর গান শুনে বড় হয়েছি৷ আমি শিখেছি ওঁর থেকে, ওঁর বহুমুখী প্রতিভা দেখে বিস্মিত হয়েছি আমি৷"

"যেইভাবে তিনি প্রতিটা সুরকে জীবন্ত করে তুলতেন, ওঁর গানের প্রতিটা অনুভূতিই ব্যক্তিগত  মনে হত," অভিমত শ্রেয়ার৷ 

"রোম্যান্টিক গানের মেলোডি থেকে শুরু করে গজল, মারাঠি, বাংলা সহ একাধিক ভাষায় গান গাওয়া উনি সব করেছেন৷ একমাত্র ওঁর পক্ষেই করা সম্ভব। আমাদের মতো অনেকের কাছেই উনি কেবল সঙ্গীতের অনুপ্রেরণা নন, উনি আমাদের সাঙ্গীতিক মনেরই একটা অংশ৷" লিখেছেন শ্রেয়া৷ 

আশা ভোঁসলে সান্নিধ্য যে শ্রেয়ার জীবনে পরম প্রাপ্তি, সেকথাও জানিয়েছেন শ্রেয়া৷ তিনি লিখেছেন, "আমি আমার জীবদ্দশায় এমন প্রতিভার সান্নিধ্য পেয়ে ধন্য৷ সময়ের সীমানা পার করে ওঁর কণ্ঠ প্রতিধ্বনিত হবে৷ প্রতিটা শিল্পীর কণ্ঠে উনি জীবিত থাকবেন যাঁদের উনি অনুপ্রেরণা দিয়েছেন৷ যে সব হৃদয় উনি স্পর্শ করেছেন সুরে সুরে৷ আপনার উত্তরাধিকার কখনও ফিকে হবে না। "
May be an image of one or more people and people smiling

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় শিল্পীকে৷ এক্স হ্যান্ডলে নাতনি জনাই ভোঁসলে লেখেন, " আমার ঠাকুরমা খুবই ক্লান্ত, ফুসফুসে সংক্রমণ হয়েছে৷ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ সকলের কাছে অনুরোধ, দয়া করে আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশা ভোঁসলের আরোগ্য কামনা করেছিলেন৷

রবিবার সকালে আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানান, কিংবদন্তী শিল্পী পরলোকগমন করেছেন৷ আগামীকাল সকাল ১১ টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে৷ আগামীকাল বিকাল ৪ টেয় শেষকৃত্য সম্পন্ন হবে৷