ছোটপর্দা, বড়পর্দা এমনকী ওটিটিতেও বহু বছর ধরেই নজর কেড়েছেন অভিনেতা আরিয়ান ভৌমিক। এবার পালা নতুন অধ্যায়ের। বিনোদন জগতেই নতুন পথ চলা শুরু করতে চলেছেন আরিয়ান। এবার হাত পাকাতে চলেছেন পরিচালনায়। প্রথমবার পরিচালকের ভূমিকায় আসছেন তিনি। তবে শুধুমাত্র পরিচালনায় নয়, নিজের তৈরি ছোট ছবিতে অভিনয়েও করেছেন তিনি। এমনকী চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান। ছবির নাম 'ধুন'। প্রথম পরিচালনায় হিন্দি মাধ্যমেই গল্প বলবেন তিনি।
'ডেড ট্যারেন্টুলা প্রোডাকশন'-এর ব্যানারে এবং আরিয়ানের বাবা কৌশিক ভৌমিকের প্রযোজনায় আসছে 'ধুন'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আরিয়ান ও স্যাম ভট্টাচার্যকে। দুটি চরিত্রই এগিয়ে নিয়ে যাবে গল্পকে। একটা রহস্যময় রাতের ঘটনা নিয়েই তৈরি এই গল্প। এক কথায়, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। গল্প অনুযায়ী, মাঝরাতে একটা ছেলেকে লিফ্ট দেয় গাড়ির চালক। আর তারপর থেকেই ঘটে মোড় ঘোরানো সব ঘটনা। শেষমেশ কী হয়? সেটাই দেখাবে 'ধুন'।

পরিচালনা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে আরিয়ানের বলেন, "এই ছবিটা আমার তৈরি করা প্রথম ছবি নয়। আগেও কিছু কাজ করেছি, তবে পরিচালক হিসেবে এটাই ঠিকঠাক কাজ হিসেবে বলতে পারি। এখানে চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনা, অভিনয় সবটাই আমার নিজের। তাই আবেগটাও অনেকখানি জড়িয়ে।"
আরিয়ানের কথায়, "প্রথমে মুক্তি নিয়ে একটু চিন্তায় ছিলাম। এখন বেশকিছু কম্পিটিশনে যাবছ এই ছবি। তারপর সোশ্যাল প্ল্যাটফর্মে মুক্তির ইচ্ছে আছে।"
প্রসঙ্গত, আরিয়ানকে দর্শক কিছুদিন আগেই দেখেছেন 'কাকাবাবু' সিরিজের নতুন সংযোজনে। 'বিজয়নগরের হীরে' ছবিতে বরাবরের মতোই 'সন্তু'র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আরিয়ানের হাতে এই মুহূর্তে রয়েছে বেশকিছু কাজ। তাঁর মধ্যে উল্লেখযোগ্য শৌভিক দের আগামী ছবি। ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলারের পর এবার হরর-কমেডির মিশেলে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যেতে চলেছে এই দুই তারকাকে। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আরিয়ান ভৌমিক ও দেবরাজ ভট্টাচার্যকে।















