রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে নিরাপত্তা নিয়ে। বিশেষ করে সেই সময় দুর্ঘটনাস্থলে যাঁরা ছিলেন তাঁদের স্ববিরোধী বয়ানে জটিলতা তৈরি হয়েছে। গত দু'দিনে টলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীরা নিজেদের মতো করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ জানতে চেয়ে পোস্ট করেছেন। এবার আর্টিস্ট ফোরামের তরফে চিঠি দেওয়া হল প্রযোজনা সংস্থাকে। 

এদিন আর্টিস্ট ফোরামের তরফে বিবৃতিতে জানানো হয়, 'গত রবিবার ২৯ মার্চ বিকেলবেলা ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা নামক সিরিয়ালের শুটিং করতে গিয়ে আমাদের সংগঠনের সদস্য ও বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কবলিত হয়ে সমুদ্রের জলে ডুবে মারা যান। তাঁর মা, স্ত্রী, পুত্রের সঙ্গে গুণমুগ্ধ দর্শক এবং বন্ধুরা শোকে হতবাক। আমরা তাঁর পরিবারের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।' 

একই সঙ্গে তাঁদের তরফে উক্ত ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছেন সেটাও জানানো হয়। এই বিষয়ে বিবৃতিতে লেখা হয়, 'গত কয়েক দিন ধরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ স্ববিরোধী মন্তব্য করছেন তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে সবাই। আসল প্রশ্ন, রাহুলকে কেন এই দুর্ঘটনায় পড়তে হল? প্রযোজকদের তরফে কি আগে থেকে কোনও শিল্পীকে বাঁচানোর ব্যবস্থা করা হয়নি? এই বিপদজনক জায়গায় শুটিং করা হল কেন? আমরা স্বচ্ছ উত্তর চেয়ে চিঠি দিয়েছি। আশা করি যথাযথ উত্তর দেবেন। যদি উত্তর না দেন, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, এদিন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয় তাঁরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটার সঠিক রিপোর্ট বানানোর চেষ্টা করছেন। এদিন একই সঙ্গে তদন্ত যাতে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে হয় তাই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত লীনা গঙ্গোপাধ্যায়। 

ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতিতে লেখা হয়, 'আমরা, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার গভীরভাবে শোকাহত আমাদের কলিগ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে। আমরা ইতিমধ্যেই আমাদের কলাকুশলীদের সঙ্গে কথা বলা শুরু করেছি। কিন্তু তাঁদের অধিকাংশই ট্রমাটাইজড, সেদিন ঠিক কারণে এটি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলার জন্য। আমরা আর কিছুদিন সময় চাইছি ওদের বয়ান আরও সুসংগঠিত ভাবে নেওয়ার জন্য। যাতে বিভিন্ন ধরনের যে বয়ান সামনে আসছে সেই বিভ্রান্তি দূর হয়। আমরা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করব।' ম্যাজিক মোমেন্টস দাবি করেছে তাঁরা সম্পূর্ণ নিরাপত্তার দিক মাথায় রেখে, অনুমতি নিয়েই শুটিং করছিল। তারপরেও এই দুর্ঘটনাটি ঘটেছে।