জোর কদমে চলছে 'গুনগুন করে মহুয়া'র কাজ। রাণা সরকারের প্রযোজনায় ও রাজদীপ ঘোষের পরিচালনায় শুটিং এগিয়েছে অনেকটাই। এবার ছবির গান তৈরির পালা। এই দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস, কণ্ঠে অন্বেষা দত্ত-গুপ্ত। ইতিমধ্যেই গান রেকর্ডিং-এর ঝলক সমাজমাধ্যমে ভাগ করেছেন রাণা সরকার।
দেখা যাচ্ছে রেকর্ডিং রুমে অন্বেষা ও সপ্তক রয়েছেন, তৈরি হচ্ছে 'মহুয়া'র গান। ক্যাপশনে রাণা সরকার লেখেন, 'অরুন্ধতী হোম চৌধুরীর দাদার কীর্তি ছবিতে প্লে ব্যাক করেছিলেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে, চরণ ধরিতে দিয়ো গো আমারে গানটি নতুনভাবে তৈরি হচ্ছে সপ্তক ও অন্বেষার হাত ধরে।'
অন্বেষা গানের জগতে নিজের দারুণ পরিচিতি তৈরি করেছেন। তাঁর মিষ্টি সুর যেন প্রতিটা মানুষের মন ছুয়ে যায়। অন্যদিকে, অভিনেত্রী হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। মিউজিক্যাল ড্রামা 'হামসাজ' দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে, সপ্তক সানাই দাসের অনুরাগী সংখ্যা কম নয়। অল্প সময়ে তিনিও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দর্শক, শ্রোতাদের মনে।
'মহুয়া'র তরুণীবেলার চরিত্রে থাকবেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ও প্রাপ্তবয়স্ক অভিনেত্রীকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। মহুয়ার বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে লোকনাথকে। অভিনেত্রীর বাবা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। মধ্যবিত্তের সংসারে নানা চিন্তার মধ্যেও মেয়ের স্বপ্নকে মরতে দেন না তিনি। মহুয়ার নাচের প্রতি আগ্রহ দেখে তিনিই তাঁকে স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিয়েছিলেন। ছাপোষা এই মধ্যবিত্ত বাঙালিকেই বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন লোকনাথ দে। প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। এই ছবির হাত ধরেই প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়াও অভিনেতা, পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে। 'গুনগুন করে মহুয়া' ছবিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকছেন ক্যামেরার পিছনে।
প্রসঙ্গত, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে বহু তারকার উপস্থিতি যে থাকবে সেটা তো বলাই বাহুল্য। কিন্তু সেই চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেটা ক্রমশ প্রকাশ্য।















