‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে পরিচালক অনুরাগ কাশ্যপ ছবি তৈরির নানা মুহূর্তের স্মৃতিচারণ করলেন৷ ‘লগান’-এর শুটিংয়ের কথা বলতে গিয়ে অনুরাগ কাশ্যপ পরিচালক অশুতোষ গোয়ারিকরকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেন। তিনি হাসতে হাসতে বলেন, “ছবিটি দেখার আগেই যে বিষয়টি আমার নজরে পড়েছিল, তা হল—অশু (অশুতোষ গোয়ারিকর) মাথাভর্তি চুল নিয়ে কচ্ছ গিয়েছিলেন শুটিং করতে, আর ফিরে এসেছিলেন টাক মাথায়।”
আমির খান এবং আশুতোষ গাইকোয়ার -এর এই ঐতিহাসিক ছবি মুক্তির আগেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। অনুরাগ কাশ্যপ জানান, ছবিটি কীভাবে তৈরি হচ্ছে, সেটাই তখন ইন্ডাস্ট্রির কাছে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় ছিল।
তিনি আরও বলেন, ‘লগান’ নিয়ে ইন্ডাস্ট্রিতে আগ্রহ তৈরি হয়েছিল ছবিটি তৈরির পদ্ধতির কারণে। সেই সময় ছবির শুটিংয়ে ‘সিঙ্ক সাউন্ড’ ব্যবহার করা হচ্ছিল, যা তখন বলিউডে প্রায় হারিয়ে গিয়েছিল। অনুরাগের মতে, ‘লগান’ এবং পরে ‘দিল চাহতা হ্যায়’-এর মাধ্যমে এই পদ্ধতি আবার জনপ্রিয়তা পায়।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক বলেন, "লগান শুধু একটি সফল ছবি নয়, এটি গোটা ইন্ডাস্ট্রির কাজের পদ্ধতিতে পরিবর্তন এনেছিল। ছবিটি তৈরির সময়কার পরিকল্পনা, সংগঠিত শুটিং, বাজেট নিয়ন্ত্রণ এবং পুরো প্রক্রিয়া থেকে অনেক কিছু শেখার ছিল।"
অনুরাগ বলেন, তিনি যখন নিজের ছবি ‘পাঁচ’ তৈরি করছিলেন, তখন তিনিও সিঙ্ক সাউন্ড ব্যবহার করার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। তাঁর মতে, ‘লগান’ অনেক নির্মাতাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল।
মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে প্রথমবার ছবিটি দেখার অভিজ্ঞতাও শেয়ার করেন অনুরাগ। তিনি জানান, "ছবিটির দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টা চল্লিশ মিনিট হওয়ায় প্রথমে অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু সিনেমা শুরু হওয়ার পর দর্শকরা শুধু দর্শক থাকেননি, গল্পের অংশ হয়ে গিয়েছিলেন এবং মাঠের দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।"
‘লগান’ ২০০১ সালের অন্যতম বড় হিট ছবি এবং ভারতীয় সিনেমার ইতিহাসে আজও এটি অন্যতম স্মরণীয় চলচ্চিত্র।















