টলিপাড়ার অন্যতম সেরা এবং ফিটেস্ট ‘ব্রোম্যান্স’ জুটি যদি কাউকে বলতে হয়, তবে সবার আগে নাম আসবে গৌরব চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। শহরের বুকে ভোরবেলা পিচ রাস্তায় রেসিং সাইকেল নিয়ে ওঁদের দুজনকে প্যাডেল করতে দেখেননি, এমন মানুষ কমই আছেন। সাইকেল প্রেম আর গভীর বন্ধুত্ব— এই দুইয়ের ওপর দাঁড়িয়েই ওঁদের সম্পর্কের ভিত। আজ, ১৫ই জুন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর প্রিয় বন্ধুর জন্মদিনে একটু ছকভাঙা, মজাদার অথচ আবেগঘন স্টাইলে শুভেচ্ছা জানালেন অনিন্দ্য।

কলকাতার বিশ্ব বাংলা গেটের সামনে দু’জনের রেসিং সাইকেল সহ একটি চমৎকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনিন্দ্য ফাঁস করলেন গৌরবের এক অদ্ভুত ডাকনামের রহস্য!

অনিন্দ্য ওঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গৌরবের সাথে ছবি শেয়ার করে লেখেন, “আজকে নাতির জন্মদিন, আরেকটা নাম ঝিকুন। আমরা যারা ওকে ভালবাসি আমরা ‘নাতি’ বলেই ডাকি। যাই হোক হি ইস মাই ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। এভাবেই চলতে থাকুক।”

আসলে গৌরব চট্টোপাধ্যায় হলেন মহানায়ক উত্তমকুমারের নাতি। ইন্ডাস্ট্রিতে ওঁর এই রাজকীয় বংশপরিচয়কে ভালবেসে এবং মজা করেই সম্ভবত  অনিন্দ্য সহ ওঁর কাছের বন্ধুরা গৌরবকে ‘নাতি’ বলে ডাকেন। পাশাপাশি ওঁর বাড়ির আরও একটি মিষ্টি ডাকনাম ‘ঝিকুন’— তাও আজ এই পোস্টের মাধ্যমে অনুরাগীদের সামনে এনেছেন অনিন্দ্য।

 

গৌরব ও অনিন্দ্য— দু’জনেই অভিনয়ের পাশাপাশি ফিটনেস ফ্রিক। বিশেষ করে প্রফেশনাল রেসিং বাইসাইকেল চালানোর নেশা দু’জনকেই তাড়া করে বেড়ায়। শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় পেলেই কাকভোরে সাইকেল নিয়ে কলকাতার রাজপথে কিংবা হাইওয়েতে বেড়িয়ে পড়েন এই দুই তারকা। অনিন্দ্যর এই পোস্টের নিচে টলিপাড়ার অনেক সহকর্মী এবং ওঁরদের অনুরাগীরা গৌরবকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। মহানায়কের সুযোগ্য উত্তরসূরি হিসেবে গৌরব আজ ২০২৬ সালেও নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মনে জায়গা ধরে রেখেছেন।