সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিমুক্তির পরপরই তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস থেকে নেটপাড়ায়। মাত্রাতিরিক্ত টক্সিক নাকি ভায়োলেন্সটা সমস্ত লেভেলের উপরে? 'আলফা মেল'-এর ইমেজ দেখিয়ে কি পরিচালক যুব সমাজের মানসিকতার ক্ষতি করছেন? এসব বিতর্ককে পিছনে ফেলে রেকর্ড পরিমাণ টাকা আয় করেছিল এ ছবির নির্মাতারা। ছবিতে দর্শক-সমালোচকদের নজর কেড়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের রসায়ন। 'অ্যানিম্যাল'-এ রণবীরের বাবার ভূমিকায় দেখা গিয়েছে অনিলকে। 

 

তবে জানেন কি বহু বছর আগে রণবীরকে দেওয়া একটি কথার সুবাদেই 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর বাবার ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছিলেন অনিল? একথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীর নিজেই। অভিনেতার কথা থেকেই জানা যায়, ২০০৭ সালে তাঁর অভিনীত প্রথম ছবি 'সাঁওয়ারিয়া' দেখতে এসেছিলেন অনিল। সে ছবিতে তাঁর মেয়ে সোনম রণবীরের বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন। ছবি দেখে অনিল কাপুর রণবীরকে জানান, তিনি যেদিন থেকে পর্দায় নায়ক-নায়িকার বাবার চরিত্রে অভিনয় করা শুরু করবেন সেই সময় যদি তার কাছে সুযোগ আসে পর্দায় রণবীর কাপুরের বাবা হতে হবে, তখন এক কথায় সে প্রস্তাবে রাজি হয়ে যাবেন তিনি। 

পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা যখন অনিল কাপুরের কাছে 'অ্যানিম্যাল' ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তিনি জানতে পেরেছিলেন এ ছবিতে রয়েছেন রণবীরও। বহু বছর পর হলেও রণবীরকে দেওয়া তাঁর সেই কথা রেখেছিলেন অনিল! 

 

'অ্যানিম্যাল' ছবির শেষেই এর সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্ক'-এর ঘোষণা সেরে ফেলেছিলেন পরিচালক। তবে সেই ছবিতে অনিল কাপুর থাকবেন কি না তা এখনও জানা যায়নি। 'অ্যানিম্যাল পার্ক'-এরও শুটিং অবশ্য এখনই শুরু হচ্ছে না। এইমুহুর্তে প্রভাসকে নিয়ে 'স্পিরিট' ছবির কাজে ব্যস্ত ভঙ্গা। অন্যদিকে রণবীরের হাতে রয়েছে 'রামায়ণ', 'লভ অ্যান্ড ওয়ার'-এর মতো একাধিক ছবি।