‘ভোলবাবা পার করেগা’ টিভি' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যু হয়৷ ২৯ মার্চ রাহুলের মৃত্যু হয়৷ 

অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে উঠছে নানা প্রশ্ন৷ পুলিশের কথা আর ইউনিটের সদস্যদের বয়ানে কিছু গরমিল আছে৷ এই অবস্থায় তারকাদের নিরাপত্তা সুরক্ষিত করতে কড়া পদক্ষেপের দাবি তুলল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। 

একটি কড়া বিবৃতি জারি করে ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে। বিবৃতিতে মামলার কথাও উল্লেখ করা হয়েছে৷ সংগঠনের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকাঠামোগত ব্যর্থতা"।  

প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ করা হয়েছে৷ অন্যদিকে শুটিং চলাকালীন ইউনিট মৌলিক সুরক্ষাবিধি অনুসরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, খরচ কমাতে অনেক ক্ষেত্রেই সুরক্ষা বিধি ঠিকমতো মানা হয় না। 

এআইসিডব্লিউএ (AICWA) রাহুল ব্যানার্জীর পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এবং এই অর্থ প্রযোজনা সংস্থার কাছ থেকে আদায় করার জোরালো দাবি জানিয়েছে৷ 

এআইসিডব্লিউএ-এর মতে, জলাশয়ের কাছে, বিশেষ করে সমুদ্রের কাছাকাছি যেকোনো শুটিংয়ের জন্য প্রশিক্ষিত ডুবুরি, উদ্ধারকারী দল এবং যথাযথ জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকা প্রয়োজন। তাদের যুক্তি, এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা না থাকা দায়িত্বে থাকা ব্যক্তিদের চূড়ান্ত গাফিলতির দিকেই ইঙ্গিত করে।

সংস্থাটি এই বিষয়ে একটি উচ্চ-স্তরের বিচার বিভাগীয় তদন্তেরও আহ্বান জানিয়েছে।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের অবিলম্বে এই বিষয় পদক্ষেপ করার জন্য আবেদন করেছে। 

প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং সম্প্রচারকারী চ্যানেলকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি কঠোর নিরাপত্তা বিধি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ভবিষ্যৎ কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে।


ওড়িশা পুলিশের মতে, ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত তালসারি সৈকতে শুটিং চলাকালীন বিকেল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাহুল ব্যানার্জী তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে হাঁটু-সমান জলে একটি দৃশ্যের শুটিং করছিলেন, এমন সময় হঠাৎ দুজনেই পা পিছলে পড়ে যান।

কর্মীরা ছুটে এসে সাহায্য করেন এবং দুজনকেই দিঘার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বেতা মিশ্র বেঁচে গেলেও রাহুল ব্যানার্জীকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে যে, প্রযোজনা সংস্থা ওই স্থানে শুটিং করার জন্য প্রয়োজনীয় অনুমতিও নেয়নি।