অক্ষয় কুমার এবং মেগাস্টার প্রযোজক-পরিচালক করণ জোহর-এর হাত ধরে ভারতের ফ্যাশন স্টার্ট-আপ জগতে এক বিরাট বিপ্লব ঘটতে চলেছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির উদীয়মান প্রতিভাদের আর্থিক অনুদান ও মেন্টরশিপ দেওয়ার উদ্দেশ্যে আনুষ্ঠানিক ঘোষণা করা হল ভারতের প্রথম ফ্যাশন-ভিত্তিক বিজনেস রিয়্যালিটি শো ‘পিচ টু গেট রিচ’ সিজন ২ -এর। আর এবারের সিজনে ফ্যাশন উদ্যোগপতিদের জন্য রাখা হয়েছে এক অবিশ্বাস্য ১০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট পুল বা বিনিয়োগের প্রতিশ্রুতি!
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ভেঞ্চার স্টুডিও ফ্যাশন অন্ট্রোপ্রেনিওর ফান্ড (Fashion Entrepreneur Fund - FEF)-এর পক্ষ থেকে আজ, ১৮ই জুন ২০২৬-এ অফিশিয়ালি এই সিজনের রেজিস্ট্রেশন উইন্ডো খুলে দেওয়া হয়েছে।‘পিচ টু গেট রিচ’-এর প্রথম সিজনটি ব্যাপক সফল হয়েছিল। সেই সাফল্যের ওপর ভিত্তি করেই সিজন ২-কে আরও অনেক বড় আকারে ফিরিয়ে আনা হচ্ছে।
১০০ কোটির ফান্ড: এবারের ১০০ কোটি টাকার এই ইনভেস্টমেন্ট পুলটি সিজন ১-এর তুলনায় প্রায় ১৫০ শতাংশ বেশি। যা ভারতের দেশি ফ্যাশন স্টার্ট-আপগুলোর জন্য এখনও পর্যন্ত অন্যতম বৃহত্তম ফান্ডিংয়ের সুযোগ।
শুধু টাকা নয়, মেন্টরশিপও: বিজয়ী বা নির্বাচিত ব্র্যান্ডগুলো কেবল ব্যবসাই বাড়ানোর মূলধনই পাবে না, সেই সঙ্গে অক্ষয় কুমার, করণ জোহর এবং দেশের প্রথম সারির বিজনেস টাইটানদের কাছ থেকে সরাসরি স্ট্র্যাটেজিক গাইডেন্স, মেন্টরশিপ এবং লং-টার্ম বিজনেস সাপোর্ট পাবে।
কারা আছেন ইনভেস্টর প্যানেলে? অক্ষয় ও করণ ছাড়াও এই ফান্ডে যুক্ত রয়েছেন রবি জয়পুরিয়া, নবীন জিন্দাল, গৌরব ডালমিয়া, সোনালী দুগার, মঞ্জু ইয়াগনিক এবং ফ্যাশন অন্ট্রোপ্রেনিওর ফান্ড-এর চেয়ারম্যান বাগীশ পাঠক-এর মতো দেশের প্রথম সারির শিল্পপতিরা।
কারা আবেদন করতে পারবেন?
আপনি যদি একজন ফ্যাশন ডিজাইনার বা কোনো ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হন, তবে আপনার জন্য এটি কপাল খোলার সুবর্ণ সুযোগ। যে যে ক্যাটাগরির স্টার্ট-আপগুলো এখানে আবেদন করতে পারবে:
পোশাক (Apparel) ও জুতো (Footwear) প্রস্তুতকারক ব্র্যান্ড।
ফ্যাশন অ্যাক্সেসরিজ, গহনা এবং লাক্সারি কাউটুর (Couture)।
পরিবেশবান্ধব পোশাকের ব্র্যান্ড।
যেকোনও প্রতিশ্রুতিমান ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড, যাদের ব্যবসা বড় করার মতো একটি স্কেলেবল বিজনেস মডেল রয়েছে।
প্রথম সিজনে অংশ নিয়ে ‘লাভ কিকি’, ‘ব্যানানা ক্লাব’ , এবং ‘ডিএমও ডট’ -এর মতো দেশীয় ব্র্যান্ডগুলো আজ বিপুল সাফল্যের মুখ দেখেছে। এবার সিজন ২-এর লক্ষ্য হল ভারতের পরবর্তী প্রজন্মের ফ্যাশন ডিজাইনারদের খুঁজে বের করা।
এই মেগা লঞ্চিংয়ের বিষয়ে ফ্যাশন অন্ট্রোপ্রেনিওর ফান্ডের প্রোমোটার তথা ইনভেস্টর অক্ষয় কুমার বলেন:“ভারতের ফ্যাশন উদ্যোগপতিদের মধ্যে বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করার মতো দারুণ প্রতিভা ও জেদ রয়েছে। ‘পিচ টু গেট রিচ’-এর মাধ্যমে আমরা এমন এক প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে ওঁর মূলধন এবং সঠিক মেন্টরশিপ দুটোই একসঙ্গে পাবে। এই ১০০ কোটি টাকার প্রতিশ্রুতি আসলে ভারতীয় ফ্যাশনের ভবিষ্যতের প্রতি আমাদের বিনিয়োগ।”
অন্যদিকে ফ্যাশন অন্ট্রোপ্রেনিওর ফান্ড-এর প্রতিষ্ঠাতা সঞ্জয় নিগম এবং চেয়ারম্যান বাগীশ পাঠক জানান, ভারতে ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজার বর্তমানে প্রায় ১০ লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু তা সত্ত্বেও নতুন ব্র্যান্ডগুলোর কাছে ফান্ডিং বা সঠিক গাইডেন্স পাওয়ার সুযোগ খুব সীমিত ছিল। ‘পিচ টু গেট রিচ’ সিজন ২ সেই খামতি পূরণ করে ভারতের পরবর্তী 'ফ্যাশন সাকসেস স্টোরি' তৈরি করতে চলেছে।















