‘সাইয়ারা’ ঝড়ের পর আবারও বড় পর্দায় ফিরছে ‘আহনিট’ জুটি! গত বছরের ব্লকবাস্টার রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’-র অভাবনীয় সাফল্যের পর আবারও হাত মেলালেন পরিচালক মোহিত সুরি এবং যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিথানি। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন বর্তমান প্রজন্মের হার্টথ্রব অহন পাণ্ডে এবং অনিত পাড্ডা।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রোম্যান্টিক সিনেমার সব রেকর্ড চুরমার করে দিয়েছিল গত বছরের ছবি ‘সাইয়ারা’। বিশ্বজুড়ে প্রায় ৫৮০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি প্রমাণ করেছিল যে, বলিউডে আজও নিখাদ প্রেমের গল্পের কদর ফুরিয়ে যায়নি। সেই সাফল্যের রেশ থাকতেই নতুন সিনেমার ঘোষণা করল যশরাজ ফিল্মস। নাম ঠিক না হওয়া এই ছবিতে আবারও পরিচালক মোহিত সুরির তুরুপের তাস হতে চলেছেন ‘আহনিট’ অর্থাৎ অহান পাণ্ডে ও অনিত পাড্ডা।
নতুন প্রজেক্ট নিয়ে মোহিত সুরি এক বিবৃতিতে জানিয়েছেন, “আমার কাছে ভালবাসা মানেই তীব্র এক অনুভূতি, যা উপেক্ষা করা অসম্ভব। এই ছবিতেও আমি সেই অকৃত্রিম ও গভীর প্রেমকেই তুলে ধরতে চাই। আমি চাই আমার ছবির সুর আবারও মানুষের হৃদয় স্পর্শ করুক।” অন্যদিকে যশ রাজ ফিল্মস-এর সিইও অক্ষয় বিথানি বলেন, “সাইয়ারা আমাদের কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। এবার আমরা আরও সৎ এবং আবেগী একটি গল্প নিয়ে ফিরছি।”

‘সাইয়ারা’-র আকাশছোঁয়া সাফল্যের পর অহন পাণ্ডে বর্তমানে আলি আব্বাস জাফরের একটি প্রজেক্টে এবং অনিত পাড্ডা ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ‘শক্তি শালিনী’তে কাজ করছেন। তবে তাঁদের ভক্তরা সবচেয়ে বেশি মুখিয়ে ছিলেন এই জুটির রোম্যান্টিক রিইউনিয়নের জন্য। এই নতুন ছবির হাত ধরে আবারও পর্দায় ফিরতে চলেছে তাঁদের জাদুকরী রসায়ন।
যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষের দিকেই শুরু হবে শুটিং। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে কে থাকছেন তা গোপন রাখা হলেও, মোহিত সুরির ছবি মানেই যে চার্টবাস্টার গান থাকবে, তা বলাই বাহুল্য। ২০২৭ সালে বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি।
















