বলিউডে 'ধুরন্ধর'- এর সাফল্যের পর এবার একেবারে নতুন মঞ্চে পা রাখছেন অক্ষয় খান্না৷ জনপ্রিয় এই অভিনেতা তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন 'মহাকালী' ছবির মাধ্যমে। এই ছবিতে অক্ষয় খান্নাকে দেখা যাবে শুক্রাচার্যের চরিত্রে।

২৮ মার্চ নিজের জন্মদিনে, পরিচালক প্রশান্ত বর্মা সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিন - এর ঝলক শেয়ার করেন। সেখানে অক্ষয় খান্নাকে একেবারে অন্যরকম লুকে দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা।


পরিচালক অক্ষয় খান্নাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন একজন দক্ষ অভিনেতা এবং বিরল প্রতিভা যার জন্য শব্দের প্রয়োজন হয় না, অক্ষয়ের সঙ্গে কাজ করাও যে বিশেষ সম্মানের তাও জানান পরিচালক। 

এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ভূমি শেট্টি, প্রথম নারী সুপারহিরোকে পরিচয় করাবে এই ছবি, এমনটাই দাবি৷ 

ছবিটি পরিচালনা করছেন পূজা অপর্ণা কল্লুরু৷ এখানে অক্ষয় খান্নার চরিত্র শুক্রাচার্যকে নির্মাতারা বর্ণনা করেছেন “চিরন্তন অসুর গুরু” হিসেবে।


'মহাকালী'র পাশাপাশি অক্ষয় খান্না আরও একটি বড় ছবি 'ইক্কা'র প্রস্তুতিও নিচ্ছেন।
এই ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মলহোত্রা। যেখানে অক্ষয় খান্নার সঙ্গে দেখা যাবে সানি দেওলকে৷  শোনা যাচ্ছে, এই ছবিতে অক্ষয় খান্না মুখ্য খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন।
ছবিতে দিয়া মির্জা, তিলোত্তমা সোম, সানজিদা শেখ অভিনয় করবেন৷ ছবিটি সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে৷