সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি শুরু হয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস' শো-এর তিন নম্বর সিজন। মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে হাজির হয়েছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। সেই শো-তে প্রথমবার নীতু জানালেন, ঋষি কাপুরের মৃত্যুর পর সেই বছরেই কাজে ফিরতে চেয়েছিলেন তিনি, কিন্তু ভীষণ ইচ্ছে থাকলেও তিনি তা পেরে ওঠেননি। ২০২২ সালে 'যুগ যুগ জিও' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে 'কামব্যাক' করেছিলেন তিন।কেন এত সময় লাগল? সে জবাবও দিয়েছেন খোদ নীতুই।
শো-তে পাশে বসা ঋদ্ধিমার উদ্দেশ্যে নীতু বলে ওঠেন, " ঋষি যখন মারা গেলেন তখন অভিনয়ে ফিরতে রাজি হচ্ছিলাম না। তার একমাত্র কারণ ট্রোলিংয়ের ভয়। ট্রোলড হওয়ার আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার দুই সন্তান ঋদ্ধিমা ও রণবীর আমাকে সমানে সাহস ও বিশ্বাস জুগিয়ে গিয়েছে। তাঁদের কথায় ভরসা পেয়ে ধীরে ধীরে কাজে ফেরা শুরু করলাম। প্রথমে একটি শো-তে হাজির হয়েছিলাম। তারপর একটা-দু'টো করে বিজ্ঞাপনের কাজ করা শুরু করলাম। তবে সেসবের শুটিংয়ে যাওয়ার আগে রীতিমতো কাঁপতাম আমি। এরপর ছবিতে অভিনয় করলাম।" আরও জানালেন চলতি বছরে নিজেকে একটু সময় দেবেন বলে কোনও কাজ হাতে নেননি তিনি।
এরপর ঋদ্ধিমা বলে ওঠেন, "আজ পর্যন্ত মা, আমি, আমার ভাই রণবীর- কেউই বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারে যদি আমরা তা প্রকাশ করি না। কিন্তু নিজেদের মনের অবস্থা আমরা খুব ভালভাবে জানি। আজ যে মা আবার নয়া উদ্যমে কাজ শুরু করেছেন তার জন্য আমি এবং রণবীর মাকে নিয়ে ভীষণ গর্বিত"।
উল্লেখ্য, আগামী বছর 'লেটার্স টু মিঃ খান্না' ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে নীতু কাপুরকে।
















