রবিবার আচমকাই খবর আসে, সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুনোদয় ব্যানার্জির৷  তালসারিতে 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিনেতার৷ জলে ডুবেই মৃত্যু, জানা গিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে৷ 

ময়নাতদন্তের পরে তমলুক মহকুমা হাসপাতাল থেকে রওনা হয়ে রাহুল অরুনোদয় ব্যানার্জির শবদেহ নিয়ে আসা হয় কলকাতার বিজয়গড়ের বাড়িতে৷ 

রাহুলের শবদেহ নিয়ে ফেরেন বন্ধু জয়রাজ ব্যানার্জি।  সঙ্গে ছিলেন শতরূপ ঘোষ, সৌরভ পালধি৷ বিজয়গড়ের বাড়ির সামনে মানুষের ভিড়৷ 

রাহুলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রাহুলের বাড়িতে উপস্থিত ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস৷ উপস্থিত রয়েছেন দিগন্ত বাগচী, অরূপ চক্রবর্তী, ঊষসী চক্রবর্তী, রণিতা দাস, রুকমা রায় সহ অনেকে৷ 

শববাহী গাড়ির সামনে উপচে পড়া ভিড়৷ সহ অভিনেতারা মরদেহ কাঁধে করে নিয়ে গেলেন বাড়িতে৷ মানুষের ভিড়ে ব্যারিকেড ভেঙে গিয়েছে৷ 

রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে ঢুকলেন শ্রাবন্তী৷ 

এসেছেন রূপম ইসলাম এবং রূপসা। এছাড়াও রাহুলের বাড়িতে উপস্থিত ইশা, বাদশা মৈত্র,  শ্রীজাত, দিতিপ্রিয়া রায়৷ 

পর্দার অজিতকে দেখতে এলেন ব্যোমকেশ৷ বাবা ফ্লাগুনী চ্যাটার্জির সঙ্গে এলেন আবির চ্যাটার্জি।  

গতকাল রাতেই রাহুলের বাড়ি এসেছিলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ৷ আজ রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী৷

রাহুলকে দেখতে এসে হাউহাউ করে কেঁদে ফেললেন সুদীপ্তা চক্রবর্তী।  
এসেছেন সোনালী, রূপাঞ্জনা, জ্যাক, ভরত কল, চন্দন সেন৷

পুলিশের তরফে জানানো হয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের  শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল। এবং তলিয়ে যান!  তারপর দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তাঁর দেহ পাওয়া গেলে ৬টা ২০নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে.