আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অমিত শাহ নাম ঘোষণা করেন শুভেন্দু অধিকারীর। সেই ঘোষণার পর প্রথম বক্তব্যেই সকলকে নিয়ে চলার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীকে বড় আশ্বাস দিয়ে ভাবী মুখ্যমন্ত্রী বলেন, "এত বছর ধরে যার যা স্বপ্ন, সব পূরণ করার কাজ করবে এই বিজেপি সরকার। নরেন্দ্র মোদি, অমিত শাহের নেতৃত্বে সেই উন্নয়নের কাজ করব।"

তাঁর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণার করার জন্য ভাষণের প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তাঁকে "আধুনিক ভারতের চাণক্য" বলেও উল্লেখ করেন। 

রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মোড়েও দলীয় কর্মীদের ভোলেননি কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে। বিজেপির সেই সব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁরা দিন-রাত পরিশ্রম করে দলের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করেছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে নিহত হয়েছেন বলে দাবি করা বিজেপির ৩২১ জন কর্মীকেও স্মরণ করেন শুভেন্দু অধিকারী।

"বাংলার প্রথম বিজেপি সরকার কম কথা বলবে, বেশি কাজ করবে" বলেও ঘোষণা করেন শুভেন্দু। বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নপূরণে নিরলস ভাবে কাজ করবে নতুন সরকার।" তাঁর ঘোষণা, সরকারি কর্মপদ্ধতি হবে, "'আমি নয়, আমরা।"

বিজেপি বিধায়ক দলীয় বৈঠকের ভাষণে শুভেন্দু অধিকারী বাংলার মানুষের উদ্দেশে জোড়ল বার্তা দেন। তিনি বলেন, "ভয় আউট, ভরসা ইন।" একই সঙ্গে তিনি জানান, দলের সংকল্পপত্রে দেওয়া সব প্রতিশ্রুতিগুলি পূরণে কাজ করবে বিজেপি সরকার। হিংসামুক্ত বাংলা গড়ারও ডাক দিয়েছেন তিনি।