আজকাল ওয়েবডেস্ক: বাংলায় এবার দুই পর্বে হবে বিধানসভা ভোট। ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ১৪২ আসনে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে ভোটারদের মদ খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কমিশনে চিঠি পাঠিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, মহিলা মোর্চার নেত্রী মিনতি গিরি ও তাঁর স্বামী বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরি দক্ষিণ কাঁথির মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথে প্রকাশ্যে ভোটারদের মদ বিলি করছেন। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।
চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বিজেপি। তৃণমূলের দাবি, কোনও নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মদ বিতরণের ঘটনাটি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(১) ধারা অনুযায়ী একটি ‘দুর্নীতিমূলক’ কাজ। এই ধরনের কাজ ফৌজদারি অপরাধের শামিল। এভাবে মদ বিলি করে বিজেপি ভোটারদের স্বাধীনভাবে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
রাজ্যের শাসক দল দাবি করেছে, এই ঘটনায় বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, মহিলা মোর্চার নেত্রী মিনতি গিরি ও বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরিকে শোকজ করুক নির্বাচন কমিশন। মদ বিতরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে মজুত করা মদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে তৃণমূল। এই অভিযানের জন্য একটি ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম মোতায়েন করার আর্জি জানানো হয়েছে। অভিযুক্তরা যাতে এর পরে আর কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকতে না পারেন সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির দাবি, কাঁথি দক্ষিণে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল এসব অভিযোগ করছে।















