আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার রাইপুরের ভোটপ্রচার থেকে ফের একবার বিজেপিকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবারই বিজেপি তাদের চার্জশিট পেশ করেছে। তার জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। আর এবার দ্বিতীয় রবিবাসরীয় প্রচার থেকে গোটা বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো।
এদিন তিনি বলেন, ‘দিল্লির সমস্ত চক্রান্ত ব্যর্থ করব। কাল একজন নাকি চার্জশিট দিয়েছেন। আগে বিজেপির বিরুদ্ধে চার্জশিট পেশ করা উচিত। ভোট জিততে ছলনার আশ্রয় নেয় বিজেপি। প্রতিবারেই সেটা করে এবারেও তার ব্যতিক্রম হবে না।’
বাঁকুড়ার উন্নয়নের খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঁকুড়াতে অনেক রাস্তা হয়েছে। আগে জঙ্গলমহলে আতঙ্কের পরিবেশ ছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না। এখানে শিল্প-সংস্কৃতি সমৃদ্ধ। আমরা আসার পর বাঁকুড়ায় উন্নতি হয়েছে। এবার দুয়ারে স্বাস্থ্য প্রকল্পে মানুষ উপকৃত হবে। ব্লকে ব্লকে চিকিৎসা হবে।’
যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মমতা। তিনি বলেন, ‘যুবসাথী, লক্ষ্মীর ভান্ডারের টাকা আগেই দেওয়া হয়েছে। যুবসাথী নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। যুবসাথী কোনও ভিক্ষা নয়। যুবসাথী দেওয়া হয়েছে পড়ুয়াদের পকেটমানি হিসেবে। বিজেপি বলেছিল বছরে ২ কোটি চাকরি দেবে। বেশিরভাগ কেন্দ্রীয় সরকারী অফিস বন্ধ হয়েছে। দেশে ৪০ শতাংশ বেকারি বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ কমেছে। বাংলায় ৯০ শতাংশ মানুষ বিনা পয়সায় রেশন পায়। সরকারি হাসপাতালে রয়েছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান।’
এরপর এসআইআর নিয়ে ফের একবার সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘এবার মানুষকে বিজেপি সবথেকে বেশি সমস্যায় ফেলেছে। নোটবন্দি, আধার কার্ড নিয়ে আগে ভোগান্তি হয়েছে। এখন এসআইআর নিয়ে গণতন্ত্রণের সর্বনাশ হয়েছে। বিজেপির কাজ লুটেপুটে খাও। মানুষকে তাড়াও। কেন এক মানুষের নাম বাদ দেওয়া হল। মেঘের আড়াল থেকে খেলা চলছে। সংবিধানকে বিজেপি শেষ করেছে। আগে ছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি। পিছন থেকে ষড়যন্ত্র চলছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ঘরবন্দির পর শেষে করবে জেলবন্দি।’
এরাজ্যে দু-দফায় ভোটের নির্ঘন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে কমিশন। সেইমতো প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রার্থীতালিকা প্রকাশ করে নির্বাচনের লড়াইতে নেমেছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও সেখানে পিছিয়ে নেই। তারা একদফাতেই নিজেদের সমস্ত প্রার্থীতালিকা প্রকাশ করেছে। এরপরই উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই চলছে ভোটের প্রচার। বাঁকুড়া থেকে ফের একবার সেই প্রচারসভা থেকেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো।















