আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে কোচবিহারের দিনহাটা শহরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর রোড শো ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল সোমবার বিকেলে। পুটিমারী এলাকায় হেলিকপ্টারে পৌঁছনোর পর বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে রোড শো শুরু করেন তিনি। শুরু থেকেই এই রোড শো ঘিরে ব্যাপক ভিড় ও রাজনৈতিক আবহ লক্ষ্য করা যায়।

রোড শো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে এগোতে থাকে। তবে দিনহাটা কলেজপাড়া এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকেরা পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে বিজেপির রোড শোতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকেরাও ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে বচসাও চলে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তাঁদের দ্রুত হস্তক্ষেপে বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

পুলিশ সূত্রে খবর, উত্তেজনা ছড়ালেও কোথাও বড় ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং রোড শো পুনরায় স্বাভাবিক গতিতে এগিয়ে চলে। শেষ পর্যন্ত দিনহাটা পাঁচ মাথা মোড়ে গিয়ে রোড শো শেষ হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃতভাবে রোড শো বিঘ্নিত করার চেষ্টা করেছিল। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি উস্কানিমূলক স্লোগান তুলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছে।

বিধানসভা নির্বাচনের আগে দিনহাটার এই ঘটনা আবারও প্রমাণ করল, রাজ্যের রাজনৈতিক লড়াই কতটা তীব্র আকার নিয়েছে। প্রশাসন যদিও জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

সবমিলিয়ে, কড়া নিরাপত্তার মধ্যেই দিনহাটায় শমীক ভট্টাচার্যের রোড শো সম্পন্ন হলেও স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।